আবার শক্তিশালী ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ধকল না সইতেই আরেকবার। গতকালের ভূমিকম্পের পর মধ্য কাঠমান্ডু। একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন আতঙ্কিত নগরবাসী। পাশেই মুঠোফোনে স্বজনের খোঁজ নেওয়ার চেষ্টায় উদ্বিগ্ন আরেকজন l ছবি: রয়টার্স
এক ধকল না সইতেই আরেকবার। গতকালের ভূমিকম্পের পর মধ্য কাঠমান্ডু। একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন আতঙ্কিত নগরবাসী। পাশেই মুঠোফোনে স্বজনের খোঁজ নেওয়ার চেষ্টায় উদ্বিগ্ন আরেকজন l ছবি: রয়টার্স

এক ভূমিকম্পে ক্ষয়ক্ষতির উদ্ধারকাজ শেষ না হতেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। গতকাল মঙ্গলবার ওই ভূমিকম্পে দেশটিতে অন্তত ৪২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। একই ভূমিকম্পে ভারতে ১৭ জন নিহত হয়েছে। তিব্বতে নিহত হয়েছে একজন।
ভূকম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। এ সময় আতঙ্কিত লোকজন বাড়ি ও অফিস ভবন থেকে রাস্তায় নেমে আসেন। ফোনে খোঁজখবর নিতে থাকেন স্বজনদের। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নুরুন নাহার (৬২) নামের এক বৃদ্ধা মারা গেছেন। ভূমিকম্পের সময় তিনি গোসল করতে ঢুকেছিলেন। আতঙ্কে চিৎকার করে অজ্ঞান হয়ে যান তিনি। পরিবারের লোকজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
নেপালে গত ২৫ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে আট হাজারের বেশি মানুষ নিহত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ওই ক্ষয়ক্ষতির উদ্ধারকাজ এখনো চলছে। এ অবস্থায় গতকাল স্থানীয় সময় ১২টা ৩৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে বলছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩। এর কেন্দ্র ছিল এভারেস্টের কাছাকাছি নামাছে বাজার এলাকায়। ওই ভূমিকম্পের পর পর রিখটার স্কেলে পাঁচ বা তার কিছু বেশি মাত্রায় অন্তত ছয়টি ভূকম্পন অনুভূত হয়। তবে আধা ঘণ্টা পর আবার ৬ দশমিক ৩ মাত্রার অপেক্ষাকৃত শক্তিশালী আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকের রামেসাপ জেলায়।
ভূমিকম্পের পর পর উদ্ধারকারী হেলিকপ্টার কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে পাঠানো হয়েছে। গতকালের ভূমিকম্পে ওই অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল বলেন, ‘মঙ্গলবারের ভূমিকম্পে দোলাখা ও সিন্ধুপালচক এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই জেলায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডুতেও বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়। কাঠমান্ডুর অদূরে ললিতপুর ও ভক্তপুর শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কাঠমান্ডু থেকে বিবিসির সাংবাদিক সাইমন কক্স জানান, বেশ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তিনি প্রায় ২৫ সেকেন্ড ভূকম্পন অনুভব করেছেন। এ সময় রাজধানীর ভবনগুলো দুলছিল। তিনি জানান, ওই ভূমিকম্পের কিছু সময় পর আবার ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কিত লোকজন বাড়িঘর ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেককে কাঁদতে দেখা যায়।
কাঠমান্ডুর পূর্ব দিকের চাওতারা জেলার প্রধান কর্মকর্তা কৃষ্ণা গায়াওয়ালি জানান, সেখানে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভবনধসে অন্তত চারজন নিহত হয়।
ভূমিকম্পে ভারতের বিহার রাজ্যে অন্তত ১২ জন নিহত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ, আসাম, ওডিশা ও উত্তর প্রদেশে। এ সময় দিল্লির মেট্রোরেল চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সাময়িকভাবে কিছু রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পথে থাকা রেলগুলোর গতি কমিয়ে আনা হয়। পশ্চিমবঙ্গে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা ১০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। কলকাতা থেকে কাঠমান্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপনস ফোর্সকে (এনডিআরএফ) প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, তিব্বতে ভূমিকম্পের সময় পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর একটি গাড়িকে ধাক্কা দিলে একজন নিহত হয়।