আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার মধ্যে প্রত্যাশামতোই আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয়। দেশের প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সামরিক শক্তি প্রদর্শনের পরদিন গতকাল রোববার পরীক্ষাটি চালায় উত্তর কোরিয়া।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে সিনপো এলাকার কাছে গতকাল সকালে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণের পরপরই তা বিস্ফোরিত হয়। ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের, তা নিরূপণ করা যায়নি।

এর আগে ৫ এপ্রিল সিনপো থেকেই জাপান সাগর অভিমুখে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তার আগে ৫ মার্চ একসঙ্গে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় নিভৃতিকামী দেশটি। জাপানের অভিযোগ, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি দেশটির উপকূলের খুব কাছে গিয়ে পড়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বছরও কয়েক দফায় পারমাণবিক বোমাসহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

কিম ইল-সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়া ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে—এমন জল্পনার সূত্র ধরে সম্প্রতি কোরীয় উপদ্বীপ অভিমুখে মার্কিন রণতরিবহর রওনা হয়। এমন প্রেক্ষাপটেই সামরিক কুচকাওয়াজ ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি জানতে পেরেছেন, কিন্তু কোনো মন্তব্য করেননি।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সামরিক প্রদর্শনীর পরদিন এভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে ‘উত্তর কোরিয়া পুরো বিশ্বকেই হুমকি দিল’।

উত্তর কোরিয়ার সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছতে পারে বলে অনেকের আশঙ্কা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যয়ের সঙ্গে বলেছেন, তা হবে না। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন এগিয়ে না এলে যুক্তরাষ্ট্র একাই দেশটির বিষয়ে ব্যবস্থা নেবে। ট্রাম্পের এই বক্তব্যের পর কোরীয় উপদ্বীপের আকাশে ঘনায় যুদ্ধের কালো মেঘ।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গতকাল আলোচনা করতে মিত্র দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন। এরপরই পিয়ংইয়ংয়ের গতকালের পরীক্ষার খবরটি আসে। আঞ্চলিক উত্তেজনা নিরসনে করণীয় নিয়ে সিউলে আলোচনার কথা রয়েছে পেন্সের।