আবারও রক্তাক্ত গাজার আশ্রয়শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজার রাফা শহরে জাতিসংঘের একটি আশ্রয়শিবিরে গতকাল আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। আহত এক শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ছুটছেন এক ব্যক্তি l ছবি: এএফপি
গাজার রাফা শহরে জাতিসংঘের একটি আশ্রয়শিবিরে গতকাল আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। আহত এক শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ছুটছেন এক ব্যক্তি l ছবি: এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। এতে গতকাল রোববার নিহত হয়েছেন ৩০ জন। তাঁদের মধ্যে অন্তত ১০ জন মারা গেছেন জাতিসংঘের একটি আশ্রয়শিবিরে গোলার আঘাতে। এ নিয়ে তৃতীয়বারের মতো হামলার লক্ষ্যবস্তু হলো জাতিসংঘের আশ্রয়শিবির। হামাসকে শায়েস্তা করার নামে চালানো ইসরায়েলি বাহিনীর ২৬ দিনের এই রক্তক্ষয়ী অভিযানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ পেরিয়ে গেছে।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গতকাল কায়রো গেছে হামাসের একটি প্রতিনিধিদল। কিন্তু ইসরায়েল জানিয়ে দিয়েছে, তারা সেখানে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। খবর এএফপি ও রয়টার্স।
জাতিসংঘের হিসাবে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের ৮০ শতাংশের বেশি সাধারণ মানুষ। কিন্তু অমানবিক এই হত্যাযজ্ঞ শিগগিরই বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দু-তিন দফায় মানবিক যুদ্ধবিরতির কথা বলে অল্প সময়ের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হলেও প্রতিবারই কয়েক ঘণ্টার মধ্যে তা ভেস্তে যায়। এ জন্য হামাস ও ইসরায়েল পরস্পরকে দায়ী করেছে। এর পরও মিসরের মধ্যস্থতায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির একটি প্রচেষ্টা এখনো টিকে আছে।
আবার আক্রান্ত আশ্রয়শিবির: গতকাল ইসরায়েলি বাহিনীর গোলা আঘাত হানে গাজার দক্ষিণের রাফা শহরের একটি আশ্রয়শিবিরে। জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে স্থাপিত ওই শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় তিন হাজার সাধারণ মানুষ। গোলার আঘাতে তাঁদের ১০ জনের মতো নিহত হন।
ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, ইসরায়েলি গোলার আঘাতের পরপরই রাফার আশ্রয়শিবিরটিতে এক চরম বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়। এদিক-সেদিক পড়ে ছিল রক্তাক্ত হতাহত মানুষ। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। কেউ কেউ রক্তাক্ত শিশুকে কোলে নিয়ে ছুটতে থাকেন।
এ নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় দফায় ইসরায়েলি হামলার শিকার হলো জাতিসংঘের আশ্রয়–শিবির। এর চার দিন আগে উত্তরের জুবালিয়ায় আরেকটি আশ্রয়শিবিরে হামলায় নিহত হন ১৬ জন। আর ১০ দিন আগের হামলা নিহত হয়েছিলেন আশ্রয়শিবিরের ১৫ জন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন আশ্রয়শিবিরে হামলার নিন্দা করে বলেছেন, ‘এ উন্মত্ততা অবশ্যই বন্ধ হতে হবে।’
নেতানিয়াহুর আস্ফালন: যুদ্ধবিরতির আশু সম্ভাবনা যে নেই; তা পরিষ্কার করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল তিনি বলেছেন, ‘হামাস আবারও ভুল করে ভাবছে যে তাদের সঙ্গে লড়াই করার ইচ্ছা বা দৃঢ়তা ইসরায়েলের মানুষের নেই। কিন্তু হামাসকে আবারও মূল্য দিয়ে শিখতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করা উচিত, ইসরায়েল তা করবে।’
নেতানিয়াহু শুরুতে বলেছিলেন, হামাসের রকেট হামলা বন্ধের লক্ষ্যেই তাঁদের এই অভিযান। পরে বলেন, অস্ত্র পাচার ও চোরাগোপ্তা হামলা চালাতে হামাসের ব্যবহৃত গোপন সুড়ঙ্গগুলোর সব ধ্বংস না করতে পারা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে৷ গতকালের এ হুঁশিয়ারির মাধ্যমে তিনি হয়তো দীর্ঘমেয়াদি অভিযানের ইঙ্গিত দিলেন।
গাজার শাসন পরিচালনাকারী হামাসও পিছু হটবে বলে মনে হচ্ছে না। নেতানিয়াহুর হুঙ্কারের জবাবে তাদের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্য ‘বিভ্রান্তিমূলক’। কাজেই হামাসও তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখবে।
যুদ্ধবিরতির আশু শর্ত হিসেবে হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাসদস্যদের প্রত্যাহার দাবি করে আসছে। ইসরায়েলের দিক থেকে সে রকম কোনো ইঙ্গিত না থাকলেও দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে কিছু সেনা ফিরিয়ে নেওয়া হচ্ছে। যদিও সেখানে আবার নতুন সেনা মোতায়েন করা হবে। সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লার্নার বলেন, ‘...তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
গত শুক্রবার গাজায় অভিযানের সময় থেকে নিখোঁজ ইসরায়েলি সেনাসদস্য লে. গোল্ডিনের বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে বলা হয়েছে, গোল্ডিন নিখোঁজ বা হামাসের হাতে বন্দী হননি। ওই দিন এক মুখোমুখি সংঘাতের সময় তিনি নিহত হয়েছেন। তবে তাঁর লাশ উদ্ধার করা যায়নি। এর আগে হামাস ওই সেনাকে অপহরণ করেছে বলে দাবি করেছিল ইসরায়েল।
‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান শুরু হয়েছিল গত ৮ জুলাই। অভিযানে এ পর্যন্ত নিহত এক হাজার ৭২০ জনের মধ্যে একটি বড় অংশ শিশু। তা ছাড়া এতে আহত হয়েছে নয় হাজার মানুষ।