আবের সঙ্গে সাক্ষাৎ করবেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ শুক্রবার জাপান সফরে যাচ্ছেন। দুই দশকে ইরানের কোনো রাষ্ট্রপ্রধান এই প্রথম জাপান সফরে যাচ্ছেন। সফরে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করবেন রুহানি।
ইরানের প্রেসিডেন্টের এই সফরের মাধ্যমে টোকিও চায় তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক উত্তেজনার বিষয়ে একটি মধ্যস্থতা করতে।
এর আগে ২০০০ সালের অক্টোবরে মাসে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামি টোকিও সফরে গিয়েছিলেন।
পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। গত মাসে পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি নিয়ে ব্যাপক বিক্ষোভ হয় ইরানে। আর এরপরই জাপান সফরের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট রুহানি। অন্যদিকে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা প্রশমনের জন্য ইরান, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে জাপান নিবিড় যোগাযোগ রক্ষা করছে ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অবশ্য ইরান সরকারের মুখপাত্র আলী রাবেই এই সফরে জাপানের মধ্যস্থতার বিষয়ে বলেন, টোকিও সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ের কোনো সম্পর্ক নেই। তবে তিনি স্বীকার করেছেন, বন্ধুদেশ জাপান সাধারণত কোনো বিষয়ে উদ্যোগ নিলে তা তেহরান স্বাগতই জানায় এবং গুরুত্ব সহকারে পর্যালোচনা করে।
গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ওয়াশিংটনের মিত্র এবং তেহরানের সঙ্গে ‘অনুকূল সম্পর্ক’ রয়েছে জাপানের। এ জন্য মধ্যপ্রাচ্যে ‘উত্তেজনা লাঘব করার জন্য যথাসম্ভব’ প্রচেষ্টা চালাবেন তিনি। এর আগে গত জুনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরান সফর করেন।
ইরানের অপরিশোধিত তেলের অন্যতম ক্রেতা হলো জাপান। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে এখন আর তেল কিনছে না জাপান।
গত বছর ছয়টি প্রধান শক্তিধর দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তি থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তারপর থেকে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা তিনি পুনর্বহাল শুরু করেন।