হজ নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের কাছ থেকে কোনো ধরনের আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছে ইরান। গত শুক্রবার সৌদি গণমাধ্যমে দেশটির হজবিষয়ক মন্ত্রী মোহাম্মেদ বেনতিনের বরাতে বলা হয়, হজ নিয়ে আলোচনার জন্য ইরানসহ ৮০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর প্রতিক্রিয়ায় ইরানের হজ কর্তৃপক্ষের প্রধান হামিদ মোহাম্মাদি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হজ কর্তৃপক্ষের কাছে এ ধরনের কোনো আমন্ত্রণ আসেনি। আমন্ত্রণ পাওয়া গেলে ইরান নিরাপত্তা ও মর্যাদার দেওয়ার শর্তে হজে অংশগ্রহণ করবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ নানা ইস্যুতে বিরোধে জড়ায়। ২০১৫ সালের হজে পদদলিত হয়ে ২ হাজার ৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়। তখন ৪৬৪ জনকে হারানোর কথা জানিয়েছিল ইরান। সৌদি কর্তৃপক্ষের হজ ব্যবস্থাপনা নিয়ে তখন সমালোচনা করেছিল ইরান। এ ছাড়া শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড রিয়াদ কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর গত বছরের জানুয়ারিতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
এএফপি