আমি বুঝেছি যে আমরা গুরুত্বপূর্ণ নই - উহানবাসী হানের অনুভূতি

চীনের মধ্য উহানের হুয়ানান সামুদ্রিক পাইকারি বাজারটি এমন এক জায়গায়, যেখানে লোকজনের প্রায় সর্দি লাগে। সেখানকার পরিবেশটাই এ রকম। এখানকার বিক্রেতারা রাত তিনটার দিকে উঠে দোকান সাজানোর কাজে লেগে পড়েন। বালতি ভরা ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে পরিষ্কার–পরিচ্ছন্ন করে সকালের ক্রেতার জন্য অপেক্ষা করতে থাকেন। যাতায়াতের জন্য ২০টিরও বেশি রাস্তাযুক্ত বিস্তৃত বাজারটি ঘিরে প্রতিদিন হাজারো ক্রেতার সমাগম ঘটে। বাজারের মধ্যে দোকানির প্লাস্টিকের ওপর স্তূপ করে রাখা কিংবা হুকে করে ঝোলানো মাংস ক্রেতাদের আকর্ষণ করে। সেখানকার কর্মীরা তৈলাক্ত জুতা পরে চারপাশে চলাফেরা করেন। দোকানের পাশ দিয়ে ছোট ছোট নালায় গড়িয়ে পড়ে পোলট্রি, সামুদ্রিক খাবার কিংবা রান্নার নানা উপকরণ। তবে বাজার জনাকীর্ণ হলেও বেশি পরিচ্ছন্ন।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সেই বাজারের শুকনো সামুদ্রিক খাবারের বিক্রেতা ল্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। একেবারে প্রথম দিকে যে কয়জনের কাছ থেকে করোনাভাইরাসের উৎপত্তি, তাদের মধ্যে একজন এই ল্যান। করোনাভাইরাসের উৎপত্তির প্রথম সপ্তাহের সেই অভিজ্ঞতার কথা তিনি বলেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে।
হুয়ানান সামুদ্রিক পাইকারি বাজারটিতে এক হাজারের বেশি বিক্রেতা খাবারসামগ্রী বিক্রি করেন। ল্যান তাঁদেরই একজন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। বাড়িতে বিশ্রাম নেন। কিন্তু কয়েক দিনের মধ্যে তাঁর তিন কেজি ওজন কমে যায়। তিনি হাসপাতালে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি একটি সংক্রামক ব্যাধির চিকিৎসা করে এমন হাসপাতালে যান এবং ১৯ ডিসেম্বর সেখানে ভর্তি হন। ওই সময় সেখানকার স্বাস্থ্যকর্মীরা তাঁর ইতিবাচক মনোভাবের প্রশংসাও করেন। ল্যান বলেন, ‘আমি কিছুটা অসুস্থ ছিলাম। সামান্য ভয়ও ছিল না।’
ল্যান তাঁর পুরো নাম প্রকাশ করতে চাননি। তিনি তখন জানতেন না, করোনাভাইরাসে আক্রান্তদের প্রথম কয়েকজনের মধ্যেই তিনি আছেন, যা বিশ্বজুড়ে মহামারি সৃষ্টি করবে। তিনি ভেবেছিলেন, তাঁর কেবল সর্দি লেগেছে, যা দ্রুত সেরে যাবে।
ডিসেম্বরের শেষ দিকেই উহানে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে শুরু করল। কিন্তু চীনা কর্তৃপক্ষ বিষয়টি জনসমক্ষে আনেনি। তারা জনগণকে বলেনি যে মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটি জানুয়ারিতে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। এখন যখন চীন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিজয় উদযাপন করছে, তখন বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্থানীয় ভাইরাসকে মহামারিতে রূপ দেওয়ার তথ্য গোপনের জন্য বেইজিংকে দুষছে। বেইজিং দাবি করছে, তাদের কঠোর লকডাউন–ব্যবস্থার কারণে সারা বিশ্ব প্রস্তুতির কিছুটা সময় পেয়েছিল। তবে শুরুর দিককার কিছু রোগী, স্বাস্থ্যকর্মীর সাক্ষাৎকার ও অভ্যন্তরীণ নথি অনলাইনে ফাঁস হয়ে যায়। তাতে দেখা যায়, প্রথম কয়েক সপ্তাহে ব্যবস্থা নিতে দেরি হওয়া এবং সরকারের ভুল পদক্ষেপের কারণে সুদূরপ্রসারী এ প্রভাব দেখা দিয়েছে।
২০ দিনের মতো হাসপাতালে থেকে সুস্থ হন ল্যান। উহান থেকে রহস্যজনক এক রোগের তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ৩০ ডিসেম্বর অনলাইনে উহান রেডক্রস হাসপাতালের এক চিকিৎসকের উইচ্যাট আলোচনার একটি স্ক্রিনশট ছড়ায়। তাতে চিকিৎসক লিউ ওয়েন আরেকটি হাসপাতালের সহকর্মীদের সংক্রামক করোনাভাইরাস সম্পর্কে সচেতন করেন। তিনি হাত ধোয়া, ফেস মাস্ক ও গ্লাভস ব্যবহারের পরামর্শ দেন। একই দিনে উহান সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক লি ওয়েনলিয়াং প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে অন্যদের প্রথম সতর্ক করার চেষ্টা করছিলেন।
৩০ ডিসেম্বর উহান হেলথ কমিশনের অজানা নিউমোনিয়া নিয়ে জরুরি নোটিশ অনলাইনে ফাঁস হয়ে যায়। ওই নোটিশে হাসপাতালগুলোতে দায়িত্বশীল নেতৃত্ব শক্তিশালী করার নির্দেশ দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তথ্য বাইরে প্রকাশ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু চাপের মুখে ওই দিনই হেলথ কমিশন স্বীকার করে ২৭ জনের মারাত্মক নিউমোনিয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ওই সময় মানুষের কাছ থেকে এটা ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবৃতি দেওয়া হয়। এ রোগটি প্রতিরোধযোগ্য ও নিয়ন্ত্রণ করার মতো, এমন কথাও বলা হয়। কিন্তু এক দিন বাদেই ১ জানুয়ারি হুয়ানানের ওই বাজার বন্ধ করে দেওয়া হয় এবং গুজব ছড়ানোর অভিযোগে ৮ জনকে শাস্তি দেওয়া হয়। ওই বাজার–সংশ্লিষ্ট নিউমোনিয়া রোগীদের চিকিৎসা দিতেও হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়।
২০ জানুয়ারির আগ পর্যন্ত ওই বাজারের বিক্রেতাদের তাপমাত্রা ও রক্ত পরীক্ষার জন্য বলা হয়নি। কিন্তু ওই বাজার থেকে ছয় কিলোমিটার দূরে ইয়াংশি নদীর অপর পাশে অনেকেই অসুস্থ হতে শুরু করে। তাদের অনেকেই ওই বাজারে যায়নি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কোকো হান (২২) অসুস্থ হয়ে পড়েন। তাঁর কাশি শুরু হয় এবং তিনি নড়াচড়া করতে পারছিলেন না।
২০ জানুয়ারি তিনি স্থানীয় একটি ক্লিনিকে যান এবং সিটি স্ক্যান করান। তাতে তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা যায়। সুরক্ষিত পোশাক পরা এক চিকিৎসক দ্রুত তাঁকে অন্য আরেকটি হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যান। সেখানে জনাকীর্ণ একটি অপেক্ষাগারে মায়ের সঙ্গে অপেক্ষায় ছিলেন তিনি। তাঁর মাস্ক থাকলেও ওই সময় তাঁর মায়ের মাস্ক ছিল না। তাঁর সামনেই এক নারী অজ্ঞান হয়ে পড়ে গেলে তাঁর মা তাঁকে ধরে রাখেন।
হান বলেন, তিনি ভেবেছিলেন তাঁর নিউমোনিয়া হয়েছে। কিন্তু হাসপাতালে তাঁর বিষয়টি শনাক্ত করা হয়নি বলে তিনি নিশ্চিত ছিলেন না। তাঁর মতো অনেক রোগী শুরুতে এ সমস্যায় পড়েছিল। তাঁকে ওই সময় বাড়ি ফিরে গিয়ে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। ওই সময় চিকিৎসক তাঁকে ওষুধ দেন, যা প্রতি তিন দিন পরপর হাসপাতালে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয়।
ড্যারন হু (৩৫) কখনোই হুয়ানানের বাজারে যাননি। ১৬ জানুয়ারি হঠাৎ জ্বরবোধ করেন। তবে তিনি একে খুব বেশি পাত্তা দেননি। তিন দিন পর জ্বর না ছাড়লেও তিনি ট্রেন ধরে কয়েক জায়গায় কাজে যান। তবে এর মধ্যেই বেশি খারাপ লাগতে শুরু করায় তিনি উহানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ ঝং নানশাং বলেন, ২০ জানুয়ারির সন্ধ্যা থেকে ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ানোর বিষয়টি ধরা পড়ে। ড্যারন হুর ডায়রিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যায়। এ ছাড়া তাঁর জ্বর ও কাশিও ছিল। তিনি পরিবারকে এসব কথা বলেননি। কিন্তু পরের ২৪ দিনে ওই হাসপাতালের তিনজন রোগী মারা যান। এতে ভীষণ ঘাবড়ে যান ড্যারন। তিনিও সবকিছু উইল করে যেতে চেয়েছিলেন। হু বলেন, ‘অনেক মানুষ আশা ছেড়ে দিয়েছিল। খুবই একাকী লাগত।’
ভাইরাসটির ভয়াবহ সংক্রমণের কথা কর্তৃপক্ষ প্রকাশের আগেই উহানের হাসপাতালগুলো চমকে গিয়েছিল। ঘোষণার পর রোগী বাড়তে থাকে দ্রুত। ২২ ও ২৩ জানুয়ারি উহানের ৬ নম্বর হাসপাতালে রোগীর ভিড় দেখা যায়। সেখানকার এক স্বাস্থ্যকর্মী বলেন, এতটাই ব্যস্ত থাকতে হতো যে তাঁরা বাড়ি যেতে পারতেন না। তাঁদের হাসপাতালের ডরমিটরিতে ঘুমাতে হতো। প্রতি চার ঘণ্টা করে পালাক্রমে ঘুমানোর সুযোগ পাওয়া যেত। আরেক স্বাস্থ্যকর্মী বলেন, হাসপাতাল ভরে গিয়েছিল। প্রতিদিন মানুষ মরছিল।
২৩ জানুয়ারি পুরো শহর লকডাউন করে দেওয়া হয়। উহানের জনসংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। গত ২৩ জানুয়ারি এ শহর লকডাউন করা হয়। চীনের সরকারি সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, এ শহরের ৫০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়। এখানে মারা যায় আড়াই হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মরে যাওয়া মানুষের ৮০ শতাংশই এ শহরের। দুই মাসের বেশি সময় ধরে ঘরে বন্দিদশায় থাকা উহানের মানুষ ৮ এপ্রিল বুধবার মুক্তি পেয়েছে। কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লকডাউন তুলে নিয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির পলিটিক্যাল ইকোনমির অধ্যাপক হো-ফাং হাং বলেছেন, বেইজিং নেতিবাচক দেশীয় ও আন্তর্জাতিক সমালোচনার বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু শুরু থেকে মহামারি নিয়ন্ত্রণে চীনের দায়িত্ববোধ নিয়ে আলোচনা করা থেকে বিরত রাখতে এটি পর্যাপ্ত নয়।
উহান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাড়িতে ভাইরাসমুক্ত হওয়ার পতাকা ওড়াচ্ছে অনেকেই। রাস্তায় আবার গাড়ি বাড়ছে। মানুষ কাজে ফিরতে শুরু করেছে। কিন্তু করোনাভাইরাস এখানে যে ছাপ রেখে গেছে, তা সুস্পষ্ট বোঝা যাচ্ছে।
হান বলেন, ‘তারা বলল, আপনি থাকুন, আমি থাকলাম। তারা বলল, সবকিছু ঠিক আছে। আমি বিশ্বাস করলাম। আমি জানতে চাই এটা কেন ঘটল। কে মানুষকে জানাতে নিষেধ করল? আমার বাকিটা জীবন এটা মনে থাকবে। আমি বুঝেছি যে আমরা গুরুত্বপূর্ণ নই।’