আমিরাতে মিশন খুলছে ইসরায়েল
আরব দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কূটনৈতিক মিশন খুলতে যাচ্ছে ইসরায়েল। কবে নাগাদ ওই মিশন খোলা হবে, তা অবশ্য নিশ্চিত করা হয়নি। আমিরাতে এটাই হবে ইসরায়েলের প্রথম মিশন, যদিও দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমিরাতের আবুধাবিতে ওই মিশন হবে তার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার কার্যালয়ের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহশন আরব আমিরাতে মিশন খোলার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আবুধাবির ওই মিশনকে স্বীকৃতি দেবে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইআরইএ)।
আবুধাবিতে কার্যালয় স্থাপনের বিষয়টি চূড়ান্ত করতে গত মঙ্গলবার ওই শহর সফর করেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডোর গোল্ড।
আরব আমিরাতের সরকার ইসরায়েলের এই মিশন খোলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল অবশ্য এর আগেও কয়েকটি উপসাগরীয় দেশে বাণিজ্যিক বা এ ধরনের কার্যালয় স্থাপন করেছে। যদিও ওই দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই।
১৯৪৮ সালে আরব-ইসরায়েল দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে অনেক আরব দেশের মতো সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।