আরও এলাকা বাশার বাহিনীর দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার তীব্র বিমান হামলার সহায়তায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা গতকাল মঙ্গলবার প্রচণ্ড আক্রমণ চালিয়ে আলেপ্পো শহরের উত্তরের আরও অনেক এলাকা পুনর্দখল করেছে। সরকারি বাহিনীর এই অগ্রগতির ফলে তুরস্ক থেকে আলেপ্পো পর্যন্ত বিদ্রোহীদের রসদ সরবরাহের পথ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। খবর রয়টার্স ও এএফপির।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি অনুগত শিয়া-অধ্যুষিত গ্রাম নুবল ও আল-জাহরা পুনর্দখলের লক্ষ্যে আলেপ্পোর উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় আক্রমণ চালিয়ে সরকারি বাহিনী ওই অগ্রগতি অর্জন করে। এএফপির খবরে বলা হয়েছে, এই অগ্রগতির মাধ্যমে সরকারি সেনারা নুবল ও জাহরা গ্রামের প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে এসে পড়লেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, সরকারপন্থী বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনারা ‘হারদাতনিন গ্রামের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করেছে।’
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনী রাতিয়ান গ্রামটিও আংশিকভাবে পুনর্দখল করেছে। সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, এই অগ্রগতির মাধ্যমে নুবল ও জাহরা পুনর্দখলে সরকারের যে দীর্ঘস্থায়ী লক্ষ্য রয়েছে, সেটি পূরণের কাছাকাছি পৌঁছে গেল।
এর আগে গত সোমবার রাশিয়ার বিমান হামলার সহায়তায় ওই অঞ্চলের আরও দুটি গ্রাম পুনর্দখল করে সরকারি বাহিনী। রামি আবদেল রহমান জানান, গত সোমবার থেকে লড়াইয়ে সরকারি বাহিনীর ১৫ জন ও বিদ্রোহীদের ২০ জন নিহত হয়েছে। তবে ওই সংখ্যা সুনির্দিষ্ট নয়।
এদিকে জেনেভায় শান্তি আলোচনা এগিয়ে নিতে সিরিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে গতকাল আলোচনা শুরু করেছেন সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা।