আরও দুই জ্যেষ্ঠ তালেবান নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের কাতারের রাজনৈতিক কার্যালয়ের আরও দুই নেতা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের জঙ্গি সংগঠনটি এই পদত্যাগের কথা জানায়। খবর এএফপির।
তালেবানের নেতৃত্ব নিয়ে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই পদত্যাগের ঘটনা ঘটল। পদত্যাগী দুই নেতা হলেন সাবেক কূটনীতিক আজিজ রেহমান এবং মৌলভি নেক মোহাম্মদ। নেক মোহাম্মদ আফগানিস্তানে তালেবান শাসনের সময় উপমন্ত্রী ছিলেন। কাতারে অবস্থিত তালেবানের রাজনৈতিক কার্যালয়ের ব্যবহৃত টুইটার বার্তায় তাঁদের দুজনের পদত্যাগের বিষয়টি জানা যায়।
এর আগে গত সোমবারই কাতারের রাজনৈতিক কার্যালয়ের প্রধান তায়েব আগা পদত্যাগ করেন। আফগান সরকারের সঙ্গে আলোচনার জন্যই ২০১৩ সালে কাতারের এই রাজনৈতিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়।
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর খবর গত সপ্তাহে নিশ্চিত হওয়ার পর এর নতুন নেতা নির্বাচন করা হয় মোল্লা আখতার মনসুরকে। আর এরপর থেকেই সংগঠনে নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। মোল্লা ওমরের ভাই ও ছেলেসহ শীর্ষ নেতৃত্বের অনেকেই মনসুরকে নেতা হিসেবে মেনে নিতে পারেননি। মনসুরের তালেবানের প্রধান নির্বাচন হওয়ার প্রক্রিয়া তড়িঘড়ি করে করা হয়েছে এবং তাতে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।
তালেবানের সূত্র জানায়, গত বুধবার এক অনুষ্ঠানে মোল্লা ওমরের ভাই মোল্লা আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন তালেবান নেতা মনসুর। তিনি ঐক্যের স্বার্থে তাঁর নেতৃত্ব মেনে নিতে বলেন মান্নানকে।