আরও দুই ফিলিস্তিনির মৃত্যু

জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধকে কেন্দ্র করে বিক্ষোভে আহত দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষের ঘটনায় ওই দুই তরুণ আহত হয়েছিলেন। এই নিয়ে গত তিন দিনে মোট পাঁচজন ফিলিস্তিন নিহত হলেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এ তথ্য জানায়। এবারের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশসহ মোট পাঁচ ইসরায়েলি নিহত হন। সব মিলিয়ে এ পর্যন্ত ১০ জনের প্রাণ গেল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল পূর্ব জেরুজালেমের আল আইজারিয়াতে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ওদে নাওয়াজা (১৭) মারা গেছে। এ ছাড়া পশ্চিম তীরের আবু দিস গ্রামে নিহত হন ১৮ বছর বয়সী এক তরুণ।
এ ঘটনায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছেন ফিলিস্তিনি নেতারা।
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে গত শুক্রবার গণবিক্ষোভের ডাক দেয় ফিলিস্তিনিরা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ওই বিক্ষোভ কঠোরভাবে দমন করার সময় একজনসহ একই দিনে মোট তিন ফিলিস্তিনি নিহত হন।
সূত্র: আল–জাজিরা