আরও পাঁচ বছর থাকছেন মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং নিজ পদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে নিচ্ছেন। রাজধানী নেপিডোর ঘনিষ্ঠ এক সেনাসূত্রকে উদ্ধৃত করে স্থানীয় এক গণমাধ্যম এ খবর জানায়। তবে এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স সেনাসূত্রের সঙ্গে যোগাযোগ করেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পায়নি।
সম্প্রতি গুঞ্জন উঠেছিল, সেনাবাহিনীর সঙ্গে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ইতিবাচক আলোচনার জেরে সু চি-ই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন। আর এরপর আসে সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর খবর। এ খবরটি সত্য হলে এটা সু চির সঙ্গে আলোচনায় সেনাপ্রধানের অবস্থানকে আরও সংহত করবে।
গত ৮ নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে সুচির দল এনএলডি সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে (ইউএসডিপি) পরাজিত করে। আগামী ১ এপ্রিল মিয়ানমারের নতুন সরকারের মেয়াদ শুরু হওয়ার কথা। এ প্রেক্ষাপটে বিদ্যমান ক্রান্তিকালের নানা বিষয়ে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে গতকাল খবর আসে, দেশটির সেনাপ্রধান নিজের ও তাঁর ডেপুটির পদের মেয়াদ পাঁচ বছর বাড়াতে আগ্রহী।
সেনাসূত্রকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম ভয়েস-এর খবরে বলা হয়, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং অতিসত্বর ৬০ বছরে পা রাখবেন। তিনি কমান্ডার ইন চিফ হিসেবে আরও পাঁচ বছর দায়িত্ব পালন করবেন। ওই খবরে আরও বলা হয়, মিন অং হ্লাইয়াংয়ের ডেপুটি সো উইনের মেয়াদও পাঁচ বছর বাড়বে। প্রসঙ্গত, দেশটির বর্তমান বিধি অনুসারে ৬০ বছরে সেনাপ্রধানের অবসরে যাওয়ার কথা।
উল্লেখ্য, ভয়েস-এর খবরে এই পদক্ষেপের আইনি অবস্থান ব্যাখ্যা করা হয়নি। এ ছাড়া প্রেসিডেন্টের তরফ থেকে এ সিদ্ধান্তের অনুমোদন জরুরি কি না, তা-ও এড়িয়ে গেছে।
সম্প্রতি গুঞ্জন আসে, সু চিই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন। সু চির প্রেসিডেন্ট হওয়ার পথ উন্মুক্ত করতে দেশটির সংবিধান সংশোধনের সম্ভাবনাও দেখা দিয়েছে। বর্তমান সংবিধানে সু চির প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আইনি বাধা রয়েছে।
আগামী ১৭ মার্চ মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা।