আরও ভূকম্পনের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে ভূমিকম্প
নেপালে ভূমিকম্প

আরও ভূকম্পন হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আজ রোববার আইএমডির মহাপরিচালক এল এস রাথর এই সতর্কতার কথা বলেন।

এল এস রাথরের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নেপালে গতকাল শনিবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর আরও ভূকম্পন অব্যাহত থাকতে পারে।

আইএমডির মহাপরিচালকের ভাষ্য, রিখটার স্কেলে চার বা তার ওপরের তীব্রতার ৩০টিরও বেশি ভূমিকম্প-পরবর্তী কম্পন পর্যবেক্ষণ করা হয়েছে। কিছু সময়ের জন্য এই ধরনের ভূকম্পন অব্যাহত থাকতে পারে। তাই জনগণের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

হিমালয়কন্যা নেপালে গতকাল ৭ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। নেপালের বাইরে বাংলাদেশ, ভারত, চীন ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়।

নেপালের রাজধানী কাঠমান্ডু এবং এর উত্তর-পশ্চিমে অবস্থিত পোখারা নগরের মাঝামাঝি লামজুং ভয়াবহ এ ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির মতে, গতকাল দুপুরে নেপালে মোট ১৫ বার ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে নেপাল, ভারত, চীন ও বাংলাদেশে হতাহতের ঘটনা ঘটেছে। নেপালে ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচ হাজার। হতাহতের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্পে ভারতে ৪৪ জন এবং বাংলাদেশে তিনজন মারা গেছে। আহত হয়েছে অনেকে।

গতকালের পর আজ দুপুরে আবার নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের ভূমিকম্পটির উৎপত্তি ছিল ঢাকা থেকে ৬১২ কিলোমিটার দূরে নেপালের কোদানি এলাকায়। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৬।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, এটি ভূমিকম্প-পরবর্তী কম্পন। এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭।