আরও হামলার হুমকি তালেবানের
আফগান সরকারের নেতাদের লক্ষ্য করে আরও হামলার হুমকি দিয়েছে তালেবান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি গত মঙ্গলবার তালেবানের হামলায় বেঁচে যাওয়ার পর গত বুধবার তালেবানের পক্ষ থেকে নতুন করে হুমকি দেওয়া হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আফগানিস্তানে সাম্প্রতিক মারাত্মক হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। এ ছাড়া জরুরি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান সতর্ক করে বলেছে, আফগান নেতাদের লক্ষ্য করে আরও হামলা চালানো হবে। গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এ ঘটনার মধ্য দিয়ে কাবুলেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর গত মে মাস থেকেই দেশটিতে হামলা জোরদার করেছে তালেবান গোষ্ঠী। তাদের দমন করতে আফগান সরকার ও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়। গত বুধবার তালেবান জানায়, কাবুলে হামলার ঘটনা ওই বিমান হামলার প্রতিশোধ।
লড়াই অব্যাহত
আফগানিস্তানের নানগারহার প্রদেশে শেরজাদ এলাকায় তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, লড়াইয়ে ২ জন আফগান সেনা ও ৩৬ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তালেবান হটাতে সরকারি বাহিনী অভিযান শুরু করে।
আতাউল্লাহ বলেন, কয়েক শ তালেবান যোদ্ধা ভারী অস্ত্রশস্ত্র, গ্রেনেড নিয়ে হামলা শুরু করলে লড়াই শুরু হয়। তারা শেরজাদ জেলা দখলের চেষ্টা করে। সরকার বাহিনী পাল্টা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।
আমরা অত্যন্ত পরিষ্কার করে বলেছি, জোর করে ক্ষমতা দখলের বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।
এর আগে পার্শ্ববর্তী লাগমান প্রদেশে বাদপাখ জেলায় আফগান স্পেশাল ফোর্স অভিযান চালিয়ে তালেবানমুক্ত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান এ তথ্য জানান। এখন পর্যন্ত ২০০টির বেশি জেলা তালেবানের দখলে রয়েছে।
এদিকে গত এক মাসে তালেবান আফগান সরকারের সীমান্ত এলাকায় ১৪টি কাস্টম পোস্টের মধ্যে কমপক্ষে আটটি দখলে নিয়েছে। দেশটির রাজস্ব আদায়ে প্রভাব পড়তে শুরু করেছে।
আলোচনার উদ্যোগ রাশিয়ার
আফগানিস্তানে তালেবানদের আক্রমণ অব্যাহত থাকায় সহিংসতা বন্ধ করতে এবং আফগান শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে যুদ্ধবিধ্বস্ত দেশটির সব গুরুত্বপূর্ণ অংশীদারকে নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে রাশিয়া। ১১ আগস্ট কাতারে ওই আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালেবান: ইইউ
তালেবানের হামলায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল এবং ইইউর সাহায্য ও সংকট ব্যবস্থাপনা কমিশনার জানেজ লেনারসিক তালেবানের বিরুদ্ধে শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন, এই অর্থহীন সহিংসতা আফগান নাগরিকদের ওপর চরম ভোগান্তি সৃষ্টি করছে এবং নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে ছোটা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লোকজন বাড়াচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে হামলার নিন্দা এবং জরুরি ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।
ইইউর বিবৃতিতে আরও বলা হয়, তালেবানের সামরিক আক্রমণ বাড়ানোর ঘটনাটি দোহা শান্তি আলোচনার ক্ষেত্রে তাদের কথিত প্রতিশ্রুতির সরাসরি বিরোধী। দেশটিতে আন্তর্জাতিক মানবাধিকার নীতির লঙ্ঘন হচ্ছে, বিশেষ করে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় এ হার বেশি। সেখানে নাগরিকদের নির্বিচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার পাশাপাশি প্রকাশ্যে নারীদের মারধর এবং অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, তালেবানের এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে এবং তা তদন্ত করতে হবে। যেসব তালেবান যোদ্ধা বা কমান্ডার দায়ী, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
এ বিবৃতির মাধ্যমে তিনটি সাম্প্রতিক হামলার দিকে ইঙ্গিত করেছে ইইউ। এগুলোর মধ্যে রয়েছে হেরাতে জাতিসংঘের অফিসে হামলা, লস্করগাহের হামলায় ৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা এবং কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে হামলার ঘটনা।
পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দ্রুত বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে তালেবান। এ পরিপ্রেক্ষিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গত বুধবার বলেছেন, আফগানিস্তান সরকার এবং তালেবান উভয়কেই আপস করতে হবে এবং একটি শান্তি সমঝোতায় পৌঁছাতে হবে।
পাকিস্তান বলেছে, আফগানিস্তান সরকার এবং তালেবান উভয়কেই শান্তি সমঝোতায় পৌঁছাতে হবে।
ওয়াশিংটনে এক সপ্তাহব্যাপী আলোচনা শেষে মুঈদ ইউসুফ তালেবানের ওপর পাকিস্তানের প্রভাব বিষয়টি উড়িয়ে দেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে পাকিস্তানের আফগানিস্তানে ঢুকে তালেবানকে সহযোগিতার অভিযোগ অস্বীকার করেন। তালেবান যোদ্ধাদের সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে পাকিস্তানি যোদ্ধারা সীমান্ত পার হচ্ছেন—এমন খবরকে ‘অত্যন্ত বাজে কথা’ বলে উল্লেখ করেছেন ইমরান খান।
মুঈদ ইউসুফ বলেছেন, ‘আমরা অত্যন্ত পরিষ্কার করে বলেছি, জোর করে ক্ষমতা দখলের বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তবে বিশ্বকেও এটা পরিষ্কার হতে হবে যে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে।’
জাতিসংঘে জরুরি বৈঠক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান নিয়ে আলোচনার কথা বলেন। বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট ভারতের অধীনে এ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আতমার বলেছেন, ‘জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সহিংসতা ও নৃশংসতার আফগানিস্তানের দুর্দশা বন্ধ করতে অবশ্যই বৃহত্তর ভূমিকা পালন করতে হবে।’