আরও ৩৯টি লাশ উদ্ধার, ঘটনাস্থলে শোকার্ত স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ইয়াংজি নদীতে ডুবে যাওয়া প্রমোদতরি থেকে গতকাল বৃহস্পতিবার আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের কাছে জড়ো হওয়া শোকবিহ্বল স্বজনেরা গতকাল ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সরকারি কর্তৃপক্ষ তাঁদের আশ্বস্ত করে বলেছে, ঘটনা তদন্তের ক্ষেত্রে ‘কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা’ করা হবে না। খবর এএফপি ও রয়টার্সের।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, কয়েক শ পর্যটক নিয়ে সোমবার ডুবে যাওয়া ‘ইস্টার্ন স্টার’-এর ৬৫ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। টেলিভিশনটির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, গতকাল উদ্ধার করা হয়েছে ৩৯টি মৃতদেহ। আগের দিন উদ্ধার হয়েছিল ২৬টি। নৌযানটির ৪৫৬ জন আরোহীর মধ্যে মাত্র ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভেতরে এখনো কেউ জীবিত আটকা আছেন কি না, তা খতিয়ে দেখার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে উদ্ধারকর্মীরা বুধবার রাত থেকে নৌযানটির পানির ওপরে ভেসে থাকা অংশ কাটতে শুরু করেন। তবে খারাপ আবহাওয়ার কারণে গতকাল সকালে তা স্থগিত করা হয়।
উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ওয়াং ঝিগাং রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘ঘটনার ৭২ ঘণ্টা পর যদি প্রাণের কোনো সংকেত আর না পাওয়া যায়, তাহলে উল্টে থাকা নৌযানটিকে সোজা করে ফেলা হবে।’
‘ইস্টার্ন স্টার’ পূর্বাঞ্চলীয় শহর নানজিং থেকে গত মে মাসের শেষের দিকে যাত্রা শুরু করে। ১১ দিনের এ জলযাত্রার গন্তব্য ছিল প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংকিং। ৬ হাজার ৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের ইয়াংজি নদীর মাঝ বরাবর হুবেই প্রদেশের দামাঝু এলাকায় সোমবার রাতে সেটি ডুবে যায়। ২৫০ ফুট লম্বা নৌযানটির ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ ৫৩৪ জন। ঘটনার সময় এর ৪৫৬ জন আরোহীর মধ্যে বেশির ভাগই ছিলেন ৬০ বছরের বেশি বয়স্ক। প্রমোদতরিটি ডুবে যাওয়ার সময় ওই এলাকায় একটি ছোট কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় হয়েছিল বলে জানায় আবহাওয়া বিভাগ।
স্বজনদের ভিড়: ইস্টার্ন স্টার ডুবে যাওয়ার তথ্য প্রকাশ এবং ঘটনাস্থলে গণমাধ্যমের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারের দাপ্তরিক হিসাবে গতকালও প্রাণহানির সংখ্যা ২৬ দেখানো হচ্ছিল। পর্যাপ্ত খবর না পেয়ে হতাশ স্বজনেরা গতকাল ভিড় জমান ঘটনাস্থল হুবেই প্রদেশের জিনলাই কাউন্টিতে। ঘটনাস্থলে স্বজনদের জন্য খোলা একটি তথ্যকেন্দ্রে কর্মরত একজন নারীর হিসাবে, এরই মধ্যে সেখানে ৩০০ স্বজন পৌঁছেছেন।
‘ধামাচাপার চেষ্টা নয়’: প্রমোদতরিটির জীবিত উদ্ধার হওয়া কর্মীদের জিজ্ঞাসাবাদ করে কারণ অনুসন্ধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ। চীনা পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র শু চেংগুয়াং জানান, তদন্তের মাধ্যমে তাঁরা তথ্যপ্রমাণ সংগ্রহ করছেন। তিনি বলেন, ‘আমরা কখনোই অন্যায়কে সুরক্ষা দিই না। আমরা কোনো কিছুই ঢাকার চেষ্টা করব না।’