আরব বসন্তের ক্ষতি ৬০ হাজার কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরব বসন্তের’ বিক্ষোভ-অস্থিতিশীলতার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৬০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে। এ আর্থিক অঙ্ক ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ওই অঞ্চলটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ছয় শতাংশের সমান। জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইএসসিডব্লিউএ) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
তিউনিসিয়ায় শুরু হওয়া গণ-আন্দোলন আরব বসন্তের প্রভাবে সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। চারটি দেশের দীর্ঘদিনের নেতাদের পতন ঘটে। সংশ্লিষ্ট দেশগুলোতে গণ আন্দোলন শুরু হওয়ার আগে অর্থনৈতিক অগ্রগতির যে হিসাব ধরা হয়েছিল তা দিয়েই ইএসসিডব্লিউএ ওই ক্ষতির হিসাব করেছে। এতে রাজনৈতিকভাবে সরাসরি প্রভাবিত হয়নি কিন্তু অস্থিতিশীলতার ধাক্কা লেগেছে এমন দেশগুলোকেও ধরা হয়েছে। শরণার্থীর ধাক্কা, রেমিট্যান্সের ক্ষতি ও পর্যটনের আয়ের ক্ষতি এর মধ্যে অন্তর্ভুক্ত।
ইএসসিডব্লিউএর তৈরি করা সিরিয়ার ভবিষ্যৎ বিষয়ক জাতীয় কর্মপন্থা অনুসারে, ২০১১ সাল থেকে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এবং মূলধনের ক্ষতি হয়েছে ২৫ হাজার ৯ শ কোটি ডলার।
সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন একপর্যায়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। এতে বেশ কয়েকটি আঞ্চলিক ও বিশ্বশক্তি জড়িয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, যেসব ঘটনা এ অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করতে সহায়তা করেছে সেগুলোকে গবেষণায় প্রাধান্য দেওয়া হয়েছে।