
ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত হত্যার অভিযোগ তদন্তের কাজ বন্ধ করে দিয়েছেন ফ্রান্সের তিন বিচারক। প্যারিসের শহরতলির এক আদালতের অভিযোক্তা বুধবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
ফ্রান্সের ওই তদন্ত শেষে কারও বিরুদ্ধেই অভিযোগ আনা হয়নি। তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম-২১০ প্রয়োগে আরাফাতকে হত্যা করা হয়—এমন দাবি ওঠার পর ফরাসি বিচারকেরা তদন্ত শুরু করেছিলেন। প্যারিসের কাছাকাছি একটি সামরিক হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ২০০৪ সালের নভেম্বরে মৃত্যু হয় ৭৫ বছর বয়সী আরাফাতের। আরাফাতের স্ত্রী সুহা ২০১২ সালে ফ্রান্সের ওই আদালতে একটি অভিযোগ দায়ের করেন।
সুহার আইনজীবীরা অভিযোগ করেছেন, ফরাসি বিচারকদের তদন্ত বন্ধের এ সিদ্ধান্ত ‘মৌলিকভাবে পক্ষপাতদুষ্ট’। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিজস্ব তদন্ত কমিটিও ফ্রান্সের আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।
ফরাসি বিচারকেরা বলেছেন, আরাফাতের জীবন কেড়ে নেওয়ার জন্য তৃতীয় কোনো পক্ষের চেষ্টা ছিল বলে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তাঁরা গত এপ্রিলেই তদন্তকাজ শেষ করেন এবং জুলাইয়ে মামলাটি খারিজ করে দেওয়ার সুপারিশ করেন।
তদন্তকাজের অংশ হিসেবে ২০১২ সালে রামাল্লাহতে আরাফাতের কবর খুঁড়ে কয়েক ঘণ্টায় প্রায় ৬০টি নমুনা সংগ্রহ করেন ফ্রান্স, সুইজারল্যান্ড ও রাশিয়ার তিন তদন্ত কর্মকর্তা।
পশ্চিম তীরের রামাল্লাহ শহরে থাকা অবস্থায় আরাফাতের পাকস্থলীতে ব্যথা শুরু হয়েছিল। পরে তাঁকে ফ্রান্সের ওই হাসপাতালে নেওয়া হয়। ফিলিস্তিনিদের অনেকের অভিযোগ, আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয় এবং এ ঘটনায় ইসরায়েল জড়িত। ইসরায়েল এ অভিযোগ নাকচ করে দিয়েছে। আরাফাতের স্ত্রীও দাবি করেছেন, তাঁর স্বামীকে সম্ভবত উচ্চমাত্রায় পোলোনিয়াম প্রয়োগে হত্যা করা হয়েছে।
আরাফাতের মৃত্যুর ঘটনা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিযুক্ত তদন্ত কমিটির প্রধান তাওফিক তিরাওয়ি বলেন, ‘যত দিন আমরা জানতে পারব না আরাফাত কীভাবে মারা গেছেন, তত দিন তাঁর খুনিকে ধরার জন্য তদন্ত চালিয়ে যাব।’
২০০৪ সালের ৮ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) আরাফাতের মৃত্যু হয়। রোগনির্ণয়ের সময় তাঁর শরীরের রক্তপ্রবাহে গুরুতর জটিলতা ধরা পড়েছিল। তবে স্ত্রীর সম্মতি না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি।