আরেকটি হামলার আশঙ্কা নাগাসাকি মেয়রের

নাগাসাকি দিবসের ৭২তম বার্ষিকীতে আরেকটি প্রাণঘাতী পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ করলেন শহরটির মেয়র তোমিহিশা তাউ। গতকাল বুধবার নাগাসাকি পিস পার্কে দিবসটির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানান।
দিবসটি এমন সময় পালন করা হচ্ছে, যখন উত্তর কোরিয়া শক্তিধর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিচ্ছে। স্মরণ অনুষ্ঠানে এ ধরনের হুমকি বা পরিকল্পনা থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানান তোমিহিশা তাউ। এ সময় তিনি পরমাণু বোমা নিষিদ্ধকরণ-সংক্রান্ত বৈশ্বিক প্রচেষ্টায় শামিল না হওয়ায় জাপান সরকারের সমালোচনা করেন।
যুক্তরাষ্ট্রকে কোনো হুমকি দিলে উত্তর কোরিয়ায় জোরালো হামলা চালিয়ে সেই হুমকির জবাব দেওয়া হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গতকাল পাল্টা এ হুমকি দেয় উত্তর কোরিয়া।
নাগাসাকির মেয়র বলেন, পরমাণু বোমাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিস্থিতি দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। হয়তো নিকট ভবিষ্যতে এসব বোমার শব্দে পৃথিবী আবার প্রকম্পিত হবে।
১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরের ওপর প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। এতে ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারান। এরপর ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর দ্বিতীয় পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় নিহত হন প্রায় ৭৪ হাজার মানুষ। ৭২ বছর আগের এই দিনে নাগাসাকিতে বোমা দুটির বিস্ফোরণটি ঘটানো হয় বেলা ১১টা ২ মিনিটে। স্মরণ অনুষ্ঠানে ঠিক সেই সময়টিতে শান্তির ঘণ্টা বাজিয়ে নীরবতা পালন করা হয়।