আল-আকসায় আবারও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সঙ্গে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। সংঘর্ষের জের ধরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এএফপি ও বিবিসির।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, গতকাল সকালে আল-আকসায় ইহুদি বা পর্যটকদের পরিদর্শনে ফিলিস্তিনি তরুণেরা যাতে কোনো বাগড়া না দেন, সে জন্য পুলিশ মসজিদটির প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় মুখোশধারী তরুণেরা মসজিদের ভেতরে ঢুকে তাদের লক্ষ্য করে পাথর ছোড়া শুরু করেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ সময় পুলিশের সঙ্গে ওই বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে পর্যটকেরা স্বাভাবিকভাবে মসজিদ পরিদর্শন করেন।

ইহুদি নববর্ষ শুরুর প্রাক্কালে গত রোববার আল-আকসা প্রাঙ্গণে সংঘর্ষের সূচনা হয়। মুসলিম ও ইহুদি—দুই সম্প্রদায়ই আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে অতি পবিত্র স্থান বলে গণ্য করে। মুসলিমদের কাছে আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান। ইহুদিরা একে বলে ‘টেম্পল মাউন্ট’।

রোববার ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ওই দিন পুলিশ মসজিদটিতে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। তারা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।