আল-আকসায় প্রবেশে আবার বিধিনিষেধ
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেওয়ার পর গতকাল শুক্রবার ছিল প্রথম জুমার নামাজ। কিন্তু নামাজ আদায় করতে পারেননি অনেক মুসলমান যুবক। নামাজ আদায়ের জন্য ৫০-অনূর্ধ্ব মুসলিমদের মসজিদে প্রবেশে করতে দেয়নি ইসরায়েল। এ নিয়ে বিক্ষোভে শতাধিক ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন।
১৪ জুলাই হামলায় দুজন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার জেরে মসজিদ প্রাঙ্গণে মেটাল ডিটেক্টরসহ নজরদারি ক্যামেরা বসানো হয়। এরপর থেকে চলতে থাকে সহিংসতা। আন্তর্জাতিক চাপ, প্রতিবাদ বিক্ষোভ ও সহিংসতার পর গত বৃহস্পতিবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ধাতববস্তু শনাক্তকরণ যন্ত্র সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে সেখানে আসতে থাকেন ফিলিস্তিনিরা।
এদিকে ২১ জুলাই জুমার নামাজের সময় সংঘর্ষে আহত এক ফিলিস্তিনি যুবক বৃহস্পতিবার মারা গেছেন। ২৫ বছর বয়স্ক ওই যুবকের মাথায় তিনটি গুলি লেগেছিল। এ নিয়ে ওই দিনের সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হলেন।
গতকাল হাজার হাজার মুসলমান আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসেন। আগে থেকে এ দিনটিকে বিক্ষোভ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। জুমার নামাজের আগে আল-আকসা মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয় যখন ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ৫০-অনূর্ধ্ব মুসলিমদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। ফলে ইসরায়েলের বাহিনীর সঙ্গে মুসলমানদের সংঘর্ষ বাধে। ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে। সংঘর্ষে আহত হন শতাধিক ফিলিস্তিনি।
এর আগে ইসরায়েলের পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন, সব বয়সী নারীরা প্রবেশ করতে পারবেন এই পবিত্র স্থানে। তবে পুরুষদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তিনি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান ইসরায়েলে। তিনি চ্যানেলটির বিরুদ্ধে জেরুজালেমের স্পর্শকাতর পবিত্র স্থানকেন্দ্রিক চলমান উত্তেজনা নিয়ে উসকানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগ করেন।