আল-কায়েদার শীর্ষ নেতাদের লক্ষ্য করে ড্রোন হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আল-কায়েদার দুই শীর্ষ নেতাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে। গত রোববার দেশটির কুনার প্রদেশের গাজিয়াবাদ জেলার হিলগাল গ্রামে এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এটি ওই এলাকায় গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে বড় ড্রোন হামলা।

ড্রোন হামলার মূল লক্ষ্য ছিলেন ফারুক আল-কাহতানি ও তাঁর সহযোগী বিলাল আল-উতাবি। ফারুক আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আল-কায়েদার আমির।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, হামলার সময় ফারুক ও বিলাল পৃথক দুটি কাছাকাছি ভবনে লুকিয়ে ছিলেন। সেগুলো প্রায় একই সঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে, হামলায় ওই দুই আল-কায়েদা নেতা নিহত হয়েছেন। প্রাদেশিক মুখপাত্র আবদুল গনি মোসামেম বলেছেন, কমপক্ষে ১৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন আরব বংশোদ্ভূত ব্যক্তি রয়েছেন।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, ‘আমরা এখনো অভিযানটির ফলাফল মূল্যায়ন করছি। তবে ওই আল-কায়েদা নেতাদের মৃত্যু হয়ে থাকলে তা সন্ত্রাসী গোষ্ঠীটির ওপর একটি বড় আঘাত হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন,  দেশটিতে আল-কায়েদার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে চেয়েছিলেন ফারুক। আফগানিস্তানের কুনার ও নুরিস্তান প্রদেশে আল-কায়েদার ‘নিরাপদ ঘাঁটি’ হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। অন্যদিকে ফারুকের সহযোগী বিলাল আফগানিস্তানের আল-কায়েদার দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ নেতা।