আল-কায়েদার সঙ্গে নুসরার সম্পর্ক ছেদ করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু মোহাম্মদ আল জুলানি
আবু মোহাম্মদ আল জুলানি

গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় গড়ে ওঠা অন্যতম শক্তিশালী উগ্রপন্থী গোষ্ঠী আল-নুসরা ফ্রন্ট আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। নিজেদের নাম পাল্টানোর কথাও জানিয়েছে তারা।
নুসরা ফ্রন্টের এই ঘোষণাকে দৃশ্যত সন্ত্রাসী গোষ্ঠী বলে চিহ্নিত সংগঠনের মার্কিন তালিকা থেকে নাম কাটানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটন বলেছে, এমন চেষ্টায় সংগঠনটি সম্পর্কে নতুন করে ইতিবাচক ধারণা তৈরি হবে না। তারা মার্কিন যুদ্ধবিমানের হামলার লক্ষ্যবস্তু থেকে যাবে। প্রসঙ্গত, সিরিয়ায় আইএসসহ জঙ্গিবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে দুই বছর ধরে নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে এখন জাভাত ফাতাহ আল-শাম অর্থাৎ ‘সিরিয়া বিজয় ফ্রন্ট’ রাখা হয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জুলানি। দলের এ সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার একটি রেকর্ড করা ভিডিও বার্তা প্রচার করেছে নুসরা ফ্রন্ট।

ভিডিও বার্তায় আল জুলানি বলেন, ‘আল-নুসরা ফ্রন্ট নামে কার্যক্রম পরিচালনা বন্ধ করে আমরা নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছি। এর সঙ্গে কোনো বিদেশি সংগঠনের সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, আল-কায়েদার সঙ্গে তাঁদের সংগঠনের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে।

তবে নুসরা ফ্রন্টের এ অবস্থানকে গোষ্ঠীটির নতুন পরিচিতি তৈরি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর এক কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি বলেন, সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ও রুশ বাহিনীর কয়েক দিনের হামলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এ গোষ্ঠীকে এমনিতেই আত্মসমর্পণ করতে হতো।

এদিকে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির সহকারী বলে পরিচিত আহমেদ হাসান আবু আল-খায়ের গত বৃহস্পতিবার প্রকাশিত এক অডিও বার্তায় বলেন, ‘ইসলাম ও মুসলিমদের স্বার্থে এবং সিরিয়ার মানুষকে রক্ষায় যা করা ভালো মনে হয়, তা করতে নুসরা ফ্রন্টের নেতাদের আমরা নির্দেশ দিয়েছি।’