আল জাজিরার বিরুদ্ধে লড়তে অর্থ জোগান আমিরাতের দূত
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে পত্রিকাটির সাবেক সাংবাদিক মোহাম্মদ ফাহমিকে অর্থ দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। নিউইয়র্ক টাইমস পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
গত শনিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, আল জাজিরার বিরুদ্ধে প্রচার চালাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবার কাছ থেকে ফাহমি বেশ মোটা অঙ্কের টাকা ‘লোন’ নিয়েছিলেন। ফাহমি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ শুরু করেন, যিনি আমিরাতভিত্তিক স্কাই নিউজ অ্যারাবিয়ায় সংবাদ প্রচারের ব্যবস্থা করতে বলেছিলেন। মিসরের একটি আদালত ২০১৫ সালের আগস্টে মোহাম্মদ ফাহমিসহ আল জাজিরার তিন সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দেন। মিসরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর ২০১৩ সালে তাঁদের গ্রেপ্তার করে মিসরের কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা খবর’ প্রচার এবং নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। তবে তাঁরা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।