আলেপ্পো ছাড়ছে চার হাজার বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো নগরে আটকা পড়া নাগরিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল ফিলিস্তিনের গাজায় বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে শামিল এই ফিলিস্তিনি শিশু l রয়টার্স
সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো নগরে আটকা পড়া নাগরিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে গতকাল ফিলিস্তিনের গাজায় বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে শামিল এই ফিলিস্তিনি শিশু l রয়টার্স

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি পূর্ব আলেপ্পো থেকে অন্তত চার হাজার বিদ্রোহীকে সপরিবারে শহর ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল বৃহস্পতিবার এ খবর জানানো হয়।
বুধবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হলে পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহী ও আটকে পড়া বেসামরিক লোকজনকে বের করে আনার প্রথম দফা পরিকল্পনা ভেস্তে যায়। তবে বিদ্রোহীরা বলেছে, গতকাল সকাল থেকে আবার নতুন যুদ্ধবিরতির মতৈক্য হয়েছে।
গতকাল দুই দফায় সহস্রাধিক বিদ্রোহী ও সাধারণ মানুষ আলেপ্পো ছেড়ে বেরিয়ে যায়। এ ঘটনাকে আলেপ্পোর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
যুদ্ধবিরতি চুক্তিটি যথাযথভাবে কার্যকর হলে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরটির নিয়ন্ত্রণ নিয়ে কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী লড়াইয়ের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে একে প্রেসিডেন্ট বাশারের জন্য এক বিজয় হিসেবেও ধরা হবে।
সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এবং ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, চুক্তির আওতায় সেনাবাহিনী আলেপ্পো ছেড়ে যাওয়া ব্যক্তিদের সবার নামের তালিকা সংগ্রহ করবে। ইতিমধ্যে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পেছনে যেসব কারণ কাজ করেছে এই তালিকার বিষয়টি সেগুলোর একটি।