
সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইক্ষেত্র হয়ে ওঠা আলেপ্পো শহর জয় করা হবে যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে এক ‘বিরাট অগ্রগতি’। গত কয়েক সপ্তাহের অভিযানে আলেপ্পোর বেশির ভাগ এলাকা সরকারের দখলে নেওয়ার প্রেক্ষাপটে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ মন্তব্য করেছেন।
এদিকে আগে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিলেও আটকে পড়া শহরবাসীকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে সিরিয়ার সেনাবাহিনী পূর্ব আলেপ্পোতে সামরিক অভিযান বন্ধ রেখেছে বলে গতকাল বৃহস্পতিবার রাতে জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে হটিয়ে আলেপ্পো শহরের পূর্বাঞ্চলের প্রায় ৮০ ভাগ এলাকা পুনর্দখল করেছে সরকারি বাহিনী।
সিরিয়ার দৈনিক সংবাদপত্র আল-ওয়াতান-এ গতকাল প্রকাশিত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার বলেন, ‘আলেপ্পোয় অবরুদ্ধ হয়ে পড়া বিদ্রোহীদের পরাজিত করাটা হবে আমাদের জন্য এক বিজয়। তবে বাস্তবিক পক্ষে এর অর্থ এই হবে না যে, সিরিয়ায় যুদ্ধ শেষ হয়েছে। বরং সেটা হবে এ যুদ্ধ অবসানের এক বিরাট পদক্ষেপ।’ আলেপ্পোয় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দেন তিনি।
প্রেসিডেন্ট বাশার বলেন, আলেপ্পোয় বিদ্রোহীদের পরাজয়ের অর্থ দাঁড়াবে সিরিয়াজুড়ে চলা যুদ্ধের রূপান্তর ঘটা; যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো ও তাদের সমর্থনদানকারীদের হাতে আর খেলার কার্ড থাকবে না।
আলেপ্পো শহরটি ২০১২ সাল থেকেই প্রেসিডেন্ট বাশারবিরোধীদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। তবে সরকারি বাহিনীর সাম্প্রতিক অভিযানের মুখে সেখানে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে বিদ্রোহীরা। বিশেষত, গত কয়েক সপ্তাহের তীব্র আক্রমণে আরও নাজুক অবস্থায় পড়ে শহরটিতে অবিলম্বে পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলো।
দুই পক্ষের লড়াইয়ের মাঝে আটকে পড়ে লাখো বেসামরিক লোকের অবস্থাও শোচনীয়। আলেপ্পো থেকে তাদের নিরাপদে বের হওয়া ও অপরিহার্য ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে শহরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। অন্যথায় শহরে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে তারা।
আলেপ্পো পরিস্থিতি নিয়ে গতকাল জার্মানির হামবুর্গ শহরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে এক বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। এর আগে বিধ্বস্ত আলেপ্পোয় লড়াই বন্ধের চেষ্টায় তাঁদের আলোচনা কোনো ফল বয়ে আনেনি।
এর আগে যুদ্ধবিরতি নিয়ে রুশ অবস্থান সম্পর্কে জানতে চাইলে সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি রাজি। এ ছাড়া এ নিয়ে যুক্তরাষ্ট্রের ২ ডিসেম্বরের প্রস্তাবে আমি সমর্থনের কথা নিশ্চিত করেছি।’

রোম বৈঠকে এই দুই নেতার প্রত্যাশা, আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে বেসামরিক লোকজনকে বের করে আনা, অঞ্চলটি বিদ্রোহীমুক্ত করা ও সেখানে নতুন যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় কাজ করার বিষয়ে তাঁরা মতৈক্যে পৌঁছাতে পারবেন।
সেভ দ্য চিলড্রেন সিরিয়ার পরিচালক সোনিয়া খুশ বলেছেন, আলেপ্পোয় চলমান লড়াইয়ে হাজারো শিশু দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে আছে। আর যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত বুধবার পূর্ব আলেপ্পোয় সরকারি বাহিনীর গোলাবর্ষণে ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।