আলেপ্পো থেকে আটকা পড়াদের সরানোর কাজ হঠাৎ বন্ধ
সিরিয়ার সরকারি বাহিনী অবরুদ্ধ পূর্ব আলেপ্পো থেকে গুরুতর আহত বিদ্রোহী যোদ্ধা ও বেসামরিক লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে কয়েক ঘণ্টার মধ্যে আবার তা বন্ধ করে দিয়েছে। সরকারি বাহিনী বলেছে, বিদ্রোহীরা সন্ধির শর্ত ভেঙে ভারী অস্ত্র এবং তাদের হাতে জিম্মি থাকা লোকজনকে নিয়ে সরে পড়ার চেষ্টা করছে বলেই আলেপ্পো থেকে বিদ্রোহীদের বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে আলেপ্পো থেকে অবরুদ্ধ বিদ্রোহী ও বেসামরিক লোকদের বের করে দেওয়া শুরু হয়। গুরুতর আহত ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সরিয়ে নেওয়ার কাজ চলে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত। এই সময়ের মধ্যে সাড়ে আট হাজারের মতো মানুষকে সরানো হয়।
গতকাল সকালে হঠাৎ করেই এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। লোকজনকে বের করে নিতে আসা অ্যাম্বুলেন্স ও গাড়ি সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সূত্রগুলো বলছে, এখনো পূর্ব আলেপ্পোতে ৫০ হাজারের মতো লোক আটকা পড়ে আছে।
আলেপ্পোর সরকার-নিয়ন্ত্রিত উপকণ্ঠ রামুসা দিয়ে আটকা পড়া লোকদের সরানো হচ্ছিল। এএফপির একজন সংবাদদাতা বলেছেন, গতকাল সকালে তিনি রামুসায় ভারী গোলা ও উপর্যুপরি গুলিবর্ষণের শব্দ শুনেছেন।
বিদ্রোহীদের সঙ্গে সরকারের সন্ধি চুক্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিদ্রোহীরা সন্ধির শর্তের সম্মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তারা তাদের হাতে জিম্মি হওয়া লোকজন নিয়ে সটকে পড়ার চেষ্টা করছিল।
সিরিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এলিজাবেথ হফ পশ্চিম আলেপ্পো থেকে বলেছেন, তাঁর মনে হয়েছে আটকা পড়া বিদ্রোহী ও লোকদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত করার এই সিদ্ধান্ত রাশিয়ার দিক থেকে এসেছে।