আলেপ্পো থেকে বের হলো আরও ৩ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সর্বশেষ শক্ত ঘাঁটি আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে আটকে পড়া আরও তিন হাজার লোককে সরিয়ে আনা সম্ভব হয়েছে। এতে করে সেখান থেকে আটকে পড়া আরও বহু লোককে সরিয়ে নেওয়ার ব্যাপারে আশার সঞ্চার হলো।

ইতিমধ্যে রাশিয়াও আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকিতে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তার আপত্তি তুলে নিয়েছে বলে জানা গেছে।

এর আগে যুদ্ধবিধ্বস্ত এ শহর থেকে নিরস্ত্র বিদ্রোহী ও আটকে পড়া বেসামরিক লোকদের বের হতে দেওয়া নিয়ে গড়িমসি শুরু হলে অসুস্থ ও নারী-শিশুদের দুর্ভোগ চরমে ওঠে। গত শনিবার থেকে বহু লোক গরম কাপড় ছাড়াই খোলা আকাশের নিচে রাত কাটান। সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করতে দেরি হওয়ায় অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

আলেপ্পো থেকে লোকজনকে সরে আসার সুযোগ করে দিতে সিরীয় সেনাবাহিনী ও বিদ্রোহীদের দুই পক্ষে শেষ পর্যন্ত একটি সমঝোতা হওয়ার পর আটকে পড়াদের নতুন করে বের করে আনা সম্ভব হয়। সমঝোতার পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে প্রথম দফায় সাড়ে তিন শ জনকে বের করে আনা হয়। এরপর গতকাল সোমবার খুব সকালে একেকটিতে প্রায় ২০টি করে গাড়ির দুটি বহর সিরিয়ার উত্তরাঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকার উদ্দেশে যুদ্ধক্ষেত্র অতিক্রম করে।

রোববার রাতে ৩৫০ জনকে বের করে আনার ঘটনা ছিল শুক্রবারের পর প্রথম। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী শুক্রবার আলেপ্পোর উত্তর-পশ্চিমের বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুটি গ্রাম থেকেও লোকদের সরে আসার সুযোগ দেওয়ার দাবি তুলে পূর্ব আলেপ্পো থেকে আটকে পড়াদের বের করে আনার প্রক্রিয়া থামিয়ে দেয়। আর এরপর রোববার বিদ্রোহীরা লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য অপেক্ষমাণ দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। হত্যা করে একজন বাসচালককেও।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গতকাল ভোরে প্রায় ৫০০ লোক পূর্ব আলেপ্পোর ফুয়া ও কাফরায়া এলাকা ছেড়েছেন। একজন চিকিৎসক বলেন, বরফশীতল তাপমাত্রার মধ্যে বেশ কয়েক ঘণ্টা আটকে থাকার পর এক ‘দুঃসহ পরিস্থিতিতে’ ওই লোকদের সরিয়ে নেওয়া হয়েছে।

লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও চিকিৎসকদের একটি দলের প্রধান আহমেদ আল-দাবিস ওই লোকদের দুর্দশা প্রসঙ্গে বলেন, প্রচণ্ড ঠান্ডায় দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি খোলা আকাশের নিচে থাকার সময় তাঁরা কোনো খাবার বা পানি পাননি। যেতে পারেননি শৌচাগারেও। এ সময়ে শিশুরা ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, গতকাল সকালে মোট তিন হাজারের মতো লোককে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সকালে প্রথম ২০টি বাসে এবং ঘণ্টা দুই পর আরও ২৫টি বাসে করে এই লোকদের সরিয়ে নেওয়া হয়।