আলেপ্পোতে বিদ্রোহীদের বড় হামলা
সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাদের ওপর বড় ধরনের আক্রমণ চালিয়েছে বিদ্রোহীরা। গতকাল সোমবার এ হামলায় আটজন নিহত হয়েছেন বলে দেশটির সরকারি গণমাধ্যমে বলা হলেও নিরপেক্ষ সূত্রে তা যাচাই করা যায়নি।
গত বৃহস্পতিবার আলেপ্পো শহরে বিদ্রোহীদের রসদ সরবরাহের অবশিষ্ট একমাত্র পথ বিচ্ছিন্ন করে দিয়েছিল সরকারি বাহিনী। সেদিন পথটির নিয়ন্ত্রণ নেওয়ার ব্যর্থ চেষ্টার সময় সংঘর্ষে ২৯ জন বিদ্রোহী নিহত হয়। এ ঘটনার পর সরকারি বাহিনীর ওপর গতকাল ওই হামলা হলো।
গতকাল সরকারি বাহিনীর ওপর ওই হামলার কথা জানান এএফপির একজন সংবাদদাতা। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ও এ হামলার কথা জানিয়েছে।
প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীরা রকেটের সাহায্যে ওই হামলা চালায়। হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৮০ জন আহত হন।