বোমা হামলার কারণে আলেপ্পোয় পানি সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত বোমা হামলার কারণে সিরিয়ার আলেপ্পো শহরের প্রায় ২০ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে সেখানে অসুখ–বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, শুক্রবারের প্রচণ্ড বিমান হামলার কারণে একটি ক্ষতিগ্রস্ত পাম্প মেরামত করা সম্ভব হয়নি। এতে বিদ্রোহী অধিকৃত এলাকায় পানি সরবরাহ করা যাচ্ছে না। প্রতিশোধ হিসেবে শহরের অন্যান্য অংশে পানি সরবরাহকারী একটি পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।

বিদ্রোহী অধিকৃত বিভিন্ন স্থানে সরকারি বাহিনীর বিমান হামলা গতকাল শনিবারও অব্যাহত ছিল। এর মধ্যে বিদ্রোহীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করে নেয় সরকারি বাহিনী। ঘাঁটিটি আলেপ্পোর কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত।

গতকাল শনিবারও আলেপ্পোতে বিমান হামলায় অন্তত ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়।