আলেপ্পোতে যুদ্ধাপরাধ করেছে দুই পক্ষই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও জর্ডানের সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বৃষ্টির মধ্যে একটি ছোট শিশুকে নিয়ে যাচ্ছেন এক জর্ডানি সেনা। এক বছর আগে জর্ডান সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে শিবিরটির অবস্থার অনেক অবনতি হয়েছে l এএফপি
গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও জর্ডানের সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বৃষ্টির মধ্যে একটি ছোট শিশুকে নিয়ে যাচ্ছেন এক জর্ডানি সেনা। এক বছর আগে জর্ডান সীমান্ত বন্ধ করে দেওয়ার পর থেকে শিবিরটির অবস্থার অনেক অবনতি হয়েছে l এএফপি

সিরিয়ার বিবদমান দুই পক্ষই আলেপ্পোতে যুদ্ধাপরাধ করেছে বলে অভিমত দিয়েছে জাতিসংঘ গঠিত কমিশন। গত বুধবার ওই কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে গত বছরের লড়াইয়ের সময় সরকার ও বিদ্রোহী সব পক্ষের হাতেই বেসামরিক মানুষ যুদ্ধাপরাধের শিকার হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন, আলেপ্পোর পূর্বাঞ্চল দখলের লড়াই চলার সময় সেখানে জাতিসংঘের একটি ত্রাণবহরে হামলার জন্য সিরিয়ার বিমানবাহিনী দায়ী। ওই হামলায় নিহত হন কমপক্ষে ১৪ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত সিরীয় সরকারি বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে ক্লাস্টার বোমা এবং রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছে। সেগুলো হাসপাতাল ও বাজারের মতো স্থানেও ফেলা হয়েছে।

গত জুলাইতে এবং ডিসেম্বরে আলেপ্পো পুনর্দখলের সময় সরকারি বাহিনী প্রচণ্ড বিমান হামলা চালায়। এতে কয়েক শ লোক নিহত হয়। অনেক হাসপাতালও বোমা ও গোলায় বিধ্বস্ত হয়েছে।

জাতিসংঘের তদন্তকারীরা প্রতিবেদনটি তৈরিতে কয়েক শ প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছেন। এ ছাড়া উপগ্রহের মাধ্যমে তোলা ছবি ও অবিস্ফোরিত গোলাবারুদ পর্যবেক্ষণ করেছেন তাঁরা।

প্রতিবেদনে বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে সরকার নিয়ন্ত্রিত এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ ও সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। বিদ্রোহীরা বেসামরিক লোকজনকে শহর ত্যাগে বাধা দেয়, যা যুদ্ধাপরাধের মধ্যে পড়ে।

কমিশনের প্রধান পাওলো পিনেইরো বলেন, আলেপ্পোতে স্কুল, এতিমখানা এবং বসতবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিরিয়ার বড় শহর, সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এবং ইউনেসকো ঐতিহ্যের অংশ এই শহরকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। পাওলো বলেন, দুই পক্ষের যারা যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের গোপন তালিকা করা হয়েছে। এটি জাতিসংঘের কাছে হস্তান্তর করা হবে। যারা এ ধরনের ধ্বংসযজ্ঞের জন্য দায়ী, তাদের একদিন বিচারের সম্মুখীন হতে হবেই।