আলেপ্পোতে শক্তি বাড়াচ্ছে দুই পক্ষই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে জোর লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, উভয় বাহিনী এখানে সেনা ও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে।

অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান বলেন, উত্তরের এই শহরটিতে তীব্র লড়াই হতে পারে। রহমান বলেন, সিরিয়া, ইরাক, ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর আনুমানিক দুই হাজার যোদ্ধা গত রোববার রাতে এখানে এসেছেন।

সিরিয়ার সরকারপন্থী দৈনিক আল-ওয়াতান গতকাল সোমবার বলেছে, সেনাবাহিনী ও তার মিত্ররা পর্যাপ্ত সামরিক সরঞ্জাম পেয়েছে। তারা যেখান থেকে সরে এসেছিল, সেখানে নতুন করে হামলা চালানোর জন্য এসব প্রস্তুতি নেওয়া হয়েছে। সামরিক যুদ্ধবিমানগুলো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা চালাচ্ছে। পত্রিকাটি আরও জানায়, আলেপ্পোর দক্ষিণে একটি সিমেন্ট তৈরির কারখানা রক্ষায় ফিলিস্তিনি মিলিশিয়াদের একটি দল সরকারি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে।

সরকারি বাহিনীর পাশাপাশি বিদ্রোহীরাও তাদের জোর বাড়াচ্ছে আলেপ্পোতে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান বলেন, ফাতেহ আল-শাম ফ্রন্ট নামে পরিচিত সাবেক আল-কায়েদার সিরিয়া শাখার কয়েক শ যোদ্ধা বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁরা ইদলিব ও অন্যান্য এলাকা থেকে এসেছেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করার পর ফাতেহ আল-শামস তাদের আল-নুসরা নাম পরিবর্তন করে।