গৃহযুদ্ধকবলিত সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পো থেকে বেসামরিক লোকজনের বেরিয়ে আসার ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস।
সিরিয়ার বৃহত্তম এ শহর থেকে সাধারণ মানুষ ও বিদ্রোহীদের বের হওয়ার সুযোগ দিতে চারটি করিডর (পথ) খোলা হচ্ছে বলে গত বৃহস্পতিবার জানায় সিরিয়ার মিত্র রাশিয়া। এই প্রেক্ষাপটে এই দাবি জানাল রেডক্রস। বিদ্রোহীদের পরাস্ত করতে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোকে কার্যত ঘিরে রেখেছে।
করিডরের তিনটি খোলা হচ্ছে বেসামরিক মানুষ ও নিরস্ত্র বিদ্রোহীদের জন্য। সশস্ত্র বিদ্রোহীদের জন্য (অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণকারী) খোলা হচ্ছে অন্যটি।
আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে প্রায় তিন লাখ মানুষ আটকা পড়ে আছে। বড় সংঘাতের আগে তাদের বেরিয়ে আসার সুযোগ দিতেই মূলত ওই করিডর খোলা হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সয়গু। এই উদ্যোগকে ‘বড় ধরনের মানবিক তৎপরতা’ আখ্যায়িত করে তিনি বলেছেন, সবার আগে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই এ পদক্ষেপের লক্ষ্য।
রেডক্রস আরও বলেছে, ত্রাণ সহায়তা ও উদ্ধারকর্মীদের আলেপ্পো ছেড়ে বের হওয়া বেসামরিক লোকজনের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে। যেসব পরিবার শহরটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে তাদের সদস্যরা যাতে একসঙ্গে থাকতে পারেন, তা–ও নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) নিকট ও মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক রবার্ট মারদিনি বলেন, আলেপ্পোর সহিংসতাপ্রবণ সব স্থানেই মানবিক সহায়তা কার্যক্রম জরুরি হয়ে পড়েছে।
আইসিআরসি বলেছে, বেসামরিক লোকজনের স্বার্থে নেওয়া যেকোনো উদ্যোগ তারা স্বাগত জানাবে। কিন্তু শহর থেকে বাসিন্দাদের বেরিয়ে যাওয়াটা অবশ্যই স্বেচ্ছাপ্রণোদিত হতে হবে। এ ছাড়া যাঁরা নগরীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তাঁদের নিরাপত্তাও যেন অবশ্যই নিশ্চিত করা হয়।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া বিদ্রোহী ও জঙ্গিদের দমনে সিরীয় সরকারকে সমর্থন দিচ্ছে।
আন্তর্জাতিক সতর্কতা: আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আলেপ্পো নিয়ে রাশিয়া ও সিরীয় সরকারের এ পদক্ষেপকে সতর্কভাবে দেখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি বলেন, শহরটি থেকে জোর করে বেসামরিক লোকজনকে বের করে দেওয়া ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণে বাধ্য করাই দৃশ্যত রাশিয়ার এ পদক্ষেপের উদ্দেশ্য।
কারবি বলেন, ‘নগরটির নিরীহ মানুষ যাতে তাদের বাড়িঘরে থাকতে পারে এবং নিরাপত্তা ও মানবিক সহায়তা পায়, তা নিশ্চিত করা জরুরি।’
মুখপাত্র কারবি আরও বলেন, শহর ত্যাগের যে প্রস্তাব দেওয়া হয়েছে তার সুফল নিতে গিয়ে যেন বেসামরিক লোকজন সব পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পায়। ওই সব করিডর দিয়ে কাউকে যেন ইচ্ছার বিরুদ্ধে বের করা না হয় বা নগর থেকে দূরে কিংবা পছন্দনীয় নয় এমন স্থানে পাঠানো না হয়, সে বিষয়টির নিশ্চয়তাও তাঁরা চান।
বৃহস্পতিবার ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, আলেপ্পোতে সরকারি বাহিনীর এ ধরনের অবরোধ বজায় রাখা শান্তি উদ্যোগের পথে বাধা সৃষ্টি করবে।
খাবার ফুরিয়ে আসছে: আলেপ্পোয় আটকে পড়া প্রায় তিন লাখ লোকের অবনতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রমের প্রধান স্টিফেন ও’ব্রায়ান সোমবার বলেন, ‘আগস্টের মাঝামাঝি নগরে খাদ্যের মজুত ফুরিয়ে যেতে পারে। হামলা চলতে পারে চিকিৎসা স্থাপনায়।’