যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী এবং বিদ্রোহী উভয়পক্ষের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতির মধ্যে আটকে পড়া কমপক্ষে ২০ লাখ বেসামরিক মানুষ বিপর্যয়ের আশঙ্কায় দিন গুনছে। এ অবস্থায় জাতিসংঘ সেখানকার আটকে পড়া মানুষদের জন্য জরুরি ত্রাণসেবা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।
আলেপ্পো নগরে অবিলম্বে প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, সেখানে লাখো মানুষ ঝুঁকিতে রয়েছে। শহরটিতে প্রচণ্ড বোমাবর্ষণ চলছে।
বিদ্রোহীরা সরকারি বাহিনীর অবরোধ কিছুটা ভেঙে ফেলার পর সেখানে তীব্র সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। উভয়পক্ষ অতিরিক্ত সেনা মোতায়েন করছে।
সিরিয়ায় জাতিসংঘের মানবিক সাহায্যবিষয়ক শীর্ষ কর্মকর্তা ইয়াকুব এল হিলো এবং আঞ্চলিক সমন্বয়কারী কেভিন কেনেডি এক বিবৃতিতে বলেন, শহরে খাদ্য ও ওষুধের মজুত ‘আশঙ্কাজনকভাবে কমে গেছে’। বিবদমান পক্ষগুলোকে ৪৮ ঘণ্টার জন্য ‘মানবিক যুদ্ধবিরতি’ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। জাতিসংঘ বলছে, শহরটির লাখো মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকা পড়া পৌনে তিন লাখ লোকের অবস্থা শোচনীয়।
বিবিসি জানিয়েছে, কমপক্ষে আড়াই লাখ লোক আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকা পড়েছে। শহরের ওই অংশটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ত্রাণ পৌঁছানোর প্রধান পথ বন্ধ করে দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, শহরের বিশুদ্ধ পানি সরবরাহের লাইন বন্ধ। পানি সরবরাহ স্বাভাবিক না হলে বহু শিশুর বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
জুলাইয়ের শেষ ভাগে আলেপ্পোতে নতুন করে যুদ্ধে কমপক্ষে ১৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া যুদ্ধে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১১ সালের মার্চে মাসে সিরিয়ায় সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।