আলেপ্পোয় নতুন করে সংঘর্ষ

সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলে আটকে পড়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের সরে যাওয়া এবং উদ্ধারের জন্য ঘোষণা করা যুদ্ধবিরতি একদিনের মাথায় থমকে পড়েছে। গতকাল বুধবার সেখানে ব্যাপক গোলাবর্ষণ ও সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে সাতজন মারা গেছেন।
রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, কোণঠাসা হয়ে পড়া বিদ্রোহীদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেওয়ার কথা। তবে বিদ্রোহীরা চাইছে, বেসামরিক মানুষজনও যেন তাদের সঙ্গে পালানোর সুযোগ পায়। এ সমঝোতার পর পূর্ব আলেপ্পোয় যুদ্ধের সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বিদ্রোহীরা গতকাল সরকারি সেনাদের লক্ষ্য করে হামলা চালালে সাতজন নিহত হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অবশ্য বলছে, সরকারি বাহিনীও গতকাল বিদ্রোহীদের ওপর হামলা আবার শুরু করেছে।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হলেও গতকাল সকাল থেকে আবারও শুরু হয় সংঘর্ষ। সিরীয় বাহিনী বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকায় অনেকগুলো বোমাবর্ষণ করেছে। হতাহত হয়েছেন অনেকে, এর মধ্যে বেসামরিক লোক বেশি। বিদ্রোহীরাও সেনাবাহিনীকে লক্ষ্য করে কমপক্ষে আটটি বোমা হামলা চালিয়েছে।
পূর্ব আলেপ্পোয় থাকা এএফপির সাংবাদিক বলেন, যুদ্ধবিরতির মধ্যে হঠাৎ করে হামলা শুরু হওয়ায় সেখানে আটকে পড়া মানুষ হতবিহ্বল হয়ে পড়েন। তাঁরা নিরাপদ আশ্রয়ের জন্য প্রাণভয়ে দৌড়াতে থাকেন।
গত ১৫ নভেম্বর থেকে পূর্ব আলেপ্পো দখলের জন্য সরকারি সেনারা অভিযান শুরু করে। এখন পর্যন্ত শহরটির ৯০ ভাগ দখল করে নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।
সিরিয়ার সরকারি কর্মকর্তারা বলেন, এই যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে দামেস্কের আপত্তি আছে, বিশেষ করে সরে পড়াদের সংখ্যা নিয়ে। কথা ছিল দুই হাজার বিদ্রোহী যোদ্ধা সরে যেতে পারবে। কিন্তু এখন ১০ হাজারের বেশি লোক আলেপ্পো ত্যাগের জন্য আসছে। কারা কারা চলে যেতে চায়, তার তালিকা করতে চায় সরকার। কেননা, সরে পড়াদের মধ্যে পণবন্দী কিংবা কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরাও থাকতে পারেন।
অবশ্য বিদ্রোহীরা বলছে, সরকার যুদ্ধবিরতি ভঙ্গ করছে। নুরুদ্দীন আল-জিনকি বিদ্রোহী গোষ্ঠীর নেতা ইয়াসির আল-ইউসেফ অভিযোগ করেছেন, সরকার এবং এর মিত্র ইরান ‘বেসামরিক নাগরিকদের শহর ছাড়তে বাধা দিচ্ছে এবং নতুন শর্ত আরোপ করছে’।
রয়টার্স জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে সিরীয় সরকারের সমালোচনা করেছেন। এরদোয়ান বলেন, সিরীয় কর্তৃপক্ষের অসহযোগিতা সত্ত্বেও তারা আলেপ্পো থেকে লোকজনকে নিরাপদে বের করে আনতে করিডর তৈরির চেষ্টা করছেন। আলেপ্পোর পরিস্থিতিতে ‘খুবই নাজুক’ আখ্যা দিয়ে এরদোয়ান জানান, তিনি বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আলেপ্পো থেকে লোকজনকে নিরাপদে ইদলিব শহরে সরিয়ে সেখান থেকে তুরস্কে নিয়ে আসার চেষ্টা হচ্ছে।