আলেপ্পোয় নতুন বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে গতকাল শুক্রবার সকালে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরিয়া সরকার সেখানে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর এই হামলা হয়।

আলেপ্পোতে গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ৯১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার একটি হাসপাতালের পরিচালক হামজা আল–খাতিব। সিরিয়া ও তার মিত্র রাশিয়ার বিমানবাহিনী এসব হামলা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা বলেছেন, আহত লোকজনকে জরুরি চিকিৎসা দেওয়ার কেন্দ্রগুলোও হামলার নিশানা থেকে বাদ যাচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পুরো এলাকা ‘নিশ্চিহ্ন’ করার পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘসহ কয়েকটি পক্ষের প্রতিনিধিরা আলোচনা করেন। তবে সেখানে তাঁরা একমত হতে পারেননি। ওই দিনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়া ও সিরিয়ার প্রতি হামলা বন্ধের আহ্বান জানান। তবে তাঁর আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যে আলেপ্পোতে হামলা শুরু হয়।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এপিকে বলেন, সিরিয়ায় সহিংস পরিস্থিতির জন্য তিনি নন বরং পশ্চিমারা দায়ী। ‘সাধারণ মানুষের জীবন রক্ষার্থে’ ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে তাঁর অভিযান চলবে।