আলেপ্পোয় পিছু হটছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তর আলেপ্পো শহরের বিমান হামলায় বিধ্বস্ত নিজের বাড়িতে এক বাসিন্দার আহাজারি l এএফপি
সিরিয়ার উত্তর আলেপ্পো শহরের বিমান হামলায় বিধ্বস্ত নিজের বাড়িতে এক বাসিন্দার আহাজারি l এএফপি

সিরিয়ায় শক্ত ঘাঁটি আলেপ্পোয় পিছু হটতে বাধ্য হচ্ছে সিরিয়া ও ইরাকে ত্রাসের রাজত্ব কায়েম করা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একদিকে রাশিয়া ও ইরান-সমর্থিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনী, অন্যদিকে মার্কিন-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে মার খেয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে জঙ্গিরা। এদিকে, আইএসবিরোধী অব্যাহত বিমান হামলায় সিরিয়ায় একটি হাসপাতালে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্কের সীমান্তবর্তী আলেপ্পোর মারেয়া শহরের আশপাশের গ্রাম থেকে গত বুধবার হঠাৎ করেই ফ্রন্টলাইন সরিয়ে নেয় আইএস। গত মাসের শেষ দিকে শহরটি দখল করে নেয় তারা। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত আজাজ এলাকার সঙ্গে মারেয়ার সংযোগ সড়কের ওপর অবস্থিত কাফর কালবিন গ্রামটি দখল করে নেওয়ার পরপরই ফ্রন্টলাইন সরাতে বাধ্য হয় জঙ্গিরা।
আলেপ্পোর মানবিজ শহরেরও চারপাশ ঘিরে ফেলেছে মার্কিন-সমর্থিত যোদ্ধারা। তবে শহরে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়ায় ভোগান্তি আরও চরমে উঠেছে বাসিন্দাদের। ঘর ছেড়ে অনেকেই অন্য এলাকায় চলে যেতে বাধ্য হচ্ছেন। ২০১৪ সালে মানবিজ দখল করে নেয় আইএস। তুর্কি সীমান্তের ওপর দিয়ে রসদ আনা-নেওয়ার ক্ষেত্রে এই শহরটিকেই ‘পকেট’ হিসেবে ব্যবহার করত তারা।
রুশ-সমর্থিত বাশার বাহিনীও বসে নেই। মানবিজের দক্ষিণ-পশ্চিম দিক থেকে তারাও অগ্রসর হচ্ছে। এ ছাড়া আইএস দমনে আরও করণীয় নির্ধারণে তেহরানে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আজ বৃহস্পতিবার সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলোচনায় বসবেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
এরই মধ্যে আলেপ্পোর হাসপাতালটিতে বিমান হামলার ঘটনাটি ঘটল। কোন পক্ষের হামলা এটি, প্রাথমিকভাবে কেউই তা নিশ্চিত করতে পারেনি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর শর জেলায় বায়ান হাসপাতালের ওপর ওই বিমান হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এদিকে, ইরাকেও মার খাচ্ছে আইএস। ফালুজা পুনরুদ্ধারের ঘোষণা গত মঙ্গলবারই দিয়েছেন ইরাকে আইএসবিরোধী অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেলওয়াহাব আল-সাদি। তবে বিপুলসংখ্যক বোমা আর ফাঁদ তাঁদের সামনে এগিয়ে চলাকে কিছুটা ধীর করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।