আলেপ্পোয় বিদ্রোহীদের হামলায় সাত শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিরিয়ার আলেপ্পো শহরের সরকারি বাহিনীনিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে গতকাল রোববার বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত সাত শিশু নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, ওই সাত শিশুর পাশাপাশি একজন নারীও প্রাণ হারিয়েছেন। শহরের ফুরকান এলাকায় ওই হামলায় আহতের সংখ্যা কমপক্ষে ৩২।
বিদ্রোহীরা আলেপ্পোর পূর্বাঞ্চল দখল করে রেখেছে। তারা পশ্চিম অংশে প্রায়ই হামলা চালায়। পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকালের হামলায় নারী-শিশু নিহত হওয়ার পর আলেপ্পোয় গত দুই দিনে নিহতের সংখ্যা ১৩-তে পৌঁছাল। এর মধ্যে শিশুর সংখ্যাই নয়।
আলেপ্পোর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে নিতে সরকারি বাহিনী কিছুদিন আগে প্রচণ্ড লড়াই শুরু করেছে। তারা সেখানে বিদ্রোহীদের ওপর বিমান হামলার পাশাপাশি ব্যারেল বোমা এবং কামানের গোলা নিক্ষেপ করছে। পর্যবেক্ষক অবজারভেটরির তথ্য অনুযায়ী, নতুন সরকারি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আলেপ্পোতে অন্তত ১০৩ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের দূত দামেস্কে: সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর বিদ্রোহীনিয়ন্ত্রিত অংশে নির্বিচার হামলা শুরু করার পরিপ্রেক্ষিতে আলোচনার জন্য জাতিসংঘের শান্তিদূত স্টেফান ডে মিস্টুরা গতকাল দেশটির রাজধানী দামেস্কে গেছেন। তিনি সর্বশেষ সহিংসতা নিয়ে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠক করবেন। জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র ওই হামলার নিন্দা জানিয়েছে।