আলেপ্পোয় বড় ধাক্কা খেল সিরীয় বিদ্রোহীরা
সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু অংশ সরকারি বাহিনী আবার দখলে নিয়েছে। এতে করে সেখানকার বিদ্রোহীরা বেকায়দায় পড়েছে। সেনাবাহিনীর এ অগ্রাভিযানের মুখে পূর্ব আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ পালাচ্ছে।
সিরীয় সেনাবাহিনী দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চার মাস ধরে অবরোধ করে রাখার পর দুই সপ্তাহ আগে অভিযান শুরু করে। অভিযানের চতুর্দশ দিনে গতকাল সোমবার সরকারি সেনারা বেশ অগ্রগতি অর্জন করে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গতকাল বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় জোরদার অভিযান চালায় সরকারি বাহিনী। দখল করে নেয় সাখুর, হায়দারিয়া ও শেখ খোদর জেলা। আর কুর্দি বাহিনী শেখ ফারেস এলাকা থেকে বিদ্রোহীদের হটিয়ে দেয়। এ এলাকাগুলো সরকারি পক্ষ আবার দখল করে নেওয়ার ফলে আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটি দুই ভাগ হয়ে পড়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী যেভাবে অগ্রসর হচ্ছে এতে স্পষ্ট হয়ে গেছে, পুরো আলেপ্পো শহর আবার সরকারের দখলে নিতে আর বেশি বেগ পেতে হবে না। অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, বিদ্রোহীরা আলেপ্পোর পূর্বাঞ্চলের উত্তর ভাগের নিয়ন্ত্রণ হারিয়েছে। ২০১২ সালে শহরটির একাংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটাই বাশারবিরোধী বিদ্রোহীদের জন্য সবচেয়ে বড় ধাক্কা।