আলেপ্পোয় লড়াই আবার শুরু
সিরিয়ার আলেপ্পো শহরে গতকাল রোববার আবার প্রচণ্ড লড়াই ও বোমা হামলা শুরু হয়েছে। সেখানে সরকারি বাহিনীর সহযোগী রাশিয়া তিন দিনের অস্ত্রবিরতি দিয়েছিল। জাতিসংঘ ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার আগেই একতরফা অস্ত্রবিরতি শেষ হয়।
বিদ্রোহীরা তিন মাস ধরে অবরোধ করে রেখেছে আলেপ্পোকে। সরকারি বাহিনী সেখানে গত কয়েক সপ্তাহে ব্যাপক বোমাবর্ষণ করে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল থেকে আহত বেসামরিক লোকজনকে বের করে আনার আশা করেছিল জাতিসংঘ। পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোর পূর্ব ও পশ্চিমাংশের মাঝখানে একটানা সংঘর্ষ হয়েছে। এ সময় কামানের গোলার আঘাতে শহরের পূর্বাংশে তিনজন আহত হয়। বিদ্রোহীরা হামদানিয়ে এলাকায় সরকারি বাহিনীর দিকে রকেট ও মর্টার শেল ছুড়েছে। গতকাল সকাল নাগাদ গোটা শহর নিস্তব্ধ হয়ে পড়ে। অস্ত্রবিরতি নবায়ন হবে কি না, জানা যায়নি। মস্কো ও দামেস্ক বলেছে, তারা আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে বেসামরিক বাহিনী ও বিদ্রোহীদের বেরিয়ে যাওয়ার সুযোগ দিতেই অস্ত্রবিরতি দিয়েছিল।
রাশিয়ার একাধিক কর্মকর্তা ও সিরিয়ার সংবাদমাধ্যম অভিযোগ করেছে, বিদ্রোহীরা জনসাধারণকে বেরোতে বাধা দিয়েছে। আর জনগণকে মানববর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিরিয়ার বাহিনী গত ২২ সেপ্টেম্বর আলেপ্পোর পূর্বাঞ্চল বিদ্রোহীদের দখলমুক্ত করতে অভিযান শুরু করে। এরপর এ পর্যন্ত সেখানে প্রায় ৫০০ জন আহত ও অন্তত ২ হাজার মানুষ নিহত হয়।
জাতিসংঘ আশা করেছিল, মানবিক কারণে আলেপ্পোয় আরও লম্বা অস্ত্রবিরতি দেবে সিরিয়া ও রাশিয়ার বাহিনী। এতে সেখানকার আহত লোকজনকে বের করে নেওয়ার পাশাপাশি ত্রাণসামগ্রী পৌঁছানো সহজ হবে। কিন্তু জাতিসংঘের একজন কর্মকর্তা গত শনিবার বলেন, আলেপ্পোয় তাঁরা যে পরিমাণ নিরাপত্তা নিয়ে কাজ করার সুযোগ পাবেন বলে প্রতিশ্রুতি ছিল, সেটা মেলেনি। গত ৭ জুলাইয়ের পর সেখানে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন সতর্ক করে দিয়ে বলেছেন, খাবারের মজুত চলতি মাসের শেষ দিকে ফুরিয়ে যাবে।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, সিরিয়াকে মুক্ত করতে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় বহাল রাখতেই মস্কো সেখানে হস্তক্ষেপ করেছে। দামেস্কে হয় আসাদ থাকবেন, নয়তো আল নুসরা। কোনো তৃতীয় বিকল্প নেই।
আলেপ্পো একসময় সিরিয়ার বৃহত্তম শহর ছিল। এখনো এটি দেশের বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত। ২০১২ সাল থেকে লড়াইয়ে বিপর্যস্ত হয়েছে শহরটি। এখন প্রেসিডেন্ট বাশারের বাহিনী সেখানকার পশ্চিমাংশ এবং বিদ্রোহীরা পূর্বাংশ নিয়ন্ত্রণ করছে।