আলেপ্পোয় সরকারি বাহিনীর অগ্রগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনী গতকাল রোববার আলেপ্পোয় অভিযান চালিয়ে অগ্রসর হয়েছে। এর আগে রাশিয়ার যুদ্ধবিমান সেখানে বেশ কয়েক দফা হামলা চালায়। এদিকে শহরটির বিদ্রোহীনিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে বোমাবর্ষণের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনী গত ২২ সেপ্টেম্বর আলেপ্পোয় বিদ্রোহীনিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে এগিয়ে যাওয়ার ঘোষণা দেয় এবং মিত্র দেশ রাশিয়ার সহায়তায় সেখানে কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শনিবার রাতে দীর্ঘক্ষণ ধরে আলেপ্পোয় রুশ বিমান হামলা হয়। এতে সরকারি বাহিনী শহরের উত্তর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় এবং বিদ্রোহীনিয়ন্ত্রিত আল-হেলুক এলাকার এক প্রান্তে পৌঁছে যায়।
সরকারি সেনারা আল-হেলুক, বুস্তান আল-বাশা ও সাখুর এলাকাগুলো বিদ্রোহীদের দখলমুক্ত করতে পারলে আলেপ্পোর অন্যান্য স্থানেও অধিকতর নিয়ন্ত্রণ নিতে পারবে। তবে সেখানে রুশ-সমর্থিত সামরিক অভিযানে ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। কারণ, এই হামলায় বেসামরিক অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। শহরের পূর্বাঞ্চলের বৃহত্তম হাসপাতালটি অতি সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান স্টিফেন ও’ব্রায়ান ওই হামলার ব্যাপক সমালোচনা করে গতকাল রোববার অবিলম্বে আলেপ্পোর পূর্বাঞ্চলে ‘নরকদশা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।