আলেপ্পোয় সরকারি বাহিনীর ওপর চড়াও বিদ্রোহীরা
সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে থাকা বিদ্রোহীরা গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর ওপর নতুন করে হামলা শুরু করেছে। নতুন এ সংঘাতে প্রাথমিকভাবে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট বিদ্রোহী বাহিনী গতকাল বোমা ও গাড়ি বোমা হামলা চালিয়েছে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে। শহরটির ওই অংশটি মূলত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি বাহিনীর ওপর হামলায় অংশ নিয়েছে আহরার আল-সাম ও ফাতেহ আল-সালামের যোদ্ধারা।
তিন মাস ধরে আলেপ্পো শহরের পূর্বাঞ্চল অবরোধ করে রেখেছে সরকারি বাহিনী। সেখানে বিদ্রোহীদের মূল ঘাঁটি। অবরোধের জেরে আড়াই লাখ বাসিন্দা সেখানে মানবেতর জীবন যাপন করছেন।
বিদ্রোহী বাহিনী আহরার আল-সামের সামরিক কমান্ডার আবু ইউসুফ মুহাজির বলেন, ‘আলেপ্পোর অবরোধ ভাঙতে নতুন এই হামলা শুরু করা হয়েছে। আমরা অবরোধ ভাঙবই। রুশ হামলা থেকে বেসামরিক নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলো আমরা রক্ষা করবই।’
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহীদের ওই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি স্কুলে বোমা হামলায় দুই শিশুও মারা যায়।
বিভিন্ন ছবিতে দেখা যায়, বিদ্রোহীরা ট্যাঙ্ক, বুলডোজার, মাইন চিহ্নিত করার যন্ত্রসহ আলেপ্পো শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে। তারা দাবি করেছে, মূল শহরের বিভিন্ন অংশ দখল করে ফেলেছে তারা। কিন্তু সরকারি বাহিনী বলছে বিদ্রোহীদের প্রচেষ্টা থামিয়ে দেওয়া হয়েছে।