আলেপ্পোয় সরকারি বাহিনীর প্রতিরোধ

সিরিয়ার আলেপ্পো এলাকার পশ্চিম প্রান্ত দখলের লক্ষ্যে বিদ্রোহীদের হামলা গতকাল সোমবার স্তিমিত হয়ে আসে। সরকারি বাহিনী সেখানে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। তারা বিদ্রোহীদের সঙ্গে গত রোববার পর্যন্ত প্রচণ্ড লড়াই করেছে।
আলেপ্পোয় টানা তিন দিনের লড়াইয়ে অন্তত ৪১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ১৭। শিশু হত্যা এবং বেসামরিক লোকজনের ওপর হামলার এ ঘটনায় জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। বিদ্রোহীরা সেখানে গত শুক্রবার বড় ধরনের হামলা শুরু করে। এতে তারা গাড়িবোমা এবং রকেট ব্যবহার করে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আলেপ্পোর লড়াইয়ে কয়েক শ মর্টারের গোলা ছোড়া হয়েছে। পশ্চিম প্রান্তে সরকারি বাহিনীকে মোকাবিলায় প্রায় দেড় হাজার বিদ্রোহী মোতায়েন ছিল। পূর্ব প্রান্তে বিদ্রোহীরা প্রায় আড়াই লাখ মানুষকে অবরুদ্ধ করে রেখেছে। বিদ্রোহীরা প্রথমে কিছুটা এগোলেও পরে তাদের অগ্রযাত্রা থেমে যায়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা রোববার অভিযোগ করেছে, বিদ্রোহীরা আলেপ্পোর লড়াইয়ে বিষাক্ত গ্যাসযুক্ত গোলা নিক্ষেপ করেছে। এ কারণে ৩৫ জন শ্বাসকষ্ট, অবশতা, মাংসপেশির টান প্রভৃতি সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে বিদ্রোহীরা এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটিতে গত পাঁচ বছরের লড়াইয়ে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে যেসব জায়গায়, তাদের মধ্যে আলেপ্পো একটি। এক সময় শহরটি ছিল সিরিয়ার অর্থনৈতিক কেন্দ্র।
সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত স্টাফান দে মিস্তুরা বলেছেন, আলেপ্পোর সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক লোকজনের ওপর বিদ্রোহীরা যেভাবে নির্বিচারে রকেট ছুড়েছে, সেটা দেখে তিনি হতবাক ও উদ্বিগ্ন হয়েছেন।
সিরিয়ায় গৃহযুদ্ধে এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে। আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে গত সপ্তাহে রাশিয়া ও সিরীয় বাহিনী বিমান হামলা বন্ধ রেখেছিল। আহত বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগ দিতেই এ ব্যবস্থা নেওয়া হলেও ওই যুদ্ধবিরতির সময় সে রকম কোনো কাজই হয়নি।