আলেপ্পোয় সরকারের অবরোধ ভাঙতে মরিয়া বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলি​ব এলাকায় গতকাল একটি রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয় l ছবি: এএফপি
সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলি​ব এলাকায় গতকাল একটি রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয় l ছবি: এএফপি

সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর অবরোধ ভাঙতে সচেষ্ট হয়ে উঠেছে বিদ্রোহীরা। শহরটির পূর্বাঞ্চলে এই অবরোধে প্রায় তিন লাখ মানুষ আটকা পড়েছে, যারা খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
সিরিয়ায় আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্টের সাবেক একাংশ জাবহাত ফাতাহ আল-শাম নামের একটি গ্রুপসহ বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ একযোগে অবরোধ ভাঙার এ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে অপর একটি বিদ্রোহী সংগঠন আহরার আল-শাম। সংগঠনটি বলেছে, অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর দখলে থাকা সেনা অবস্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা।
তবে বিদ্রোহীদের হামলার কথা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে স্বীকার করলেও তাদের কাছে অবস্থান হারানোর কথা অস্বীকার করেছে সেনাবাহিনী। কর্তৃপক্ষ বলেছে, বিমানবাহিনীর একটি পদাতিক ঘাঁটি থেকে তারা বিদ্রোহীদের পিছু হটতে বাধ্য করেছে।
সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এসওএইচআর বলেছে, বিভক্ত আলেপ্পো শহরের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে লড়াই চলছে।
গত জুলাই মাসের প্রথম দিকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর অংশের সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার সর্বশেষ রুটটিও বন্ধ করে দেয় সরকারি বাহিনী।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলকৃত এলাকায় গতকাল সোমবার তাদের একটি এমআই-৮ যোগাযোগ হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এতে পাঁচজন আরোহী ছিলেন।
প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, হেলিকপ্টারটি আলেপ্পো শহরে মানবিক সহায়তা দিয়ে ফিরে আসছিল। তবে বিদ্রোহীদের কোন গ্রুপের সদস্যরা এটিকে ভূপাতিত করেছেন, তা জানা যায়নি। একটি অসমর্থিত সূত্র বলেছে, আরোহীদের মধ্যে অন্তত চারজনই এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।