আলেপ্পো খালি করায় নতুন সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আলেপ্পোসহ কয়েকটি অবরুদ্ধ এলাকা থেকে আটকা পড়া মানুষ সরিয়ে নেওয়ার ব্যাপারে নতুন করে সমঝোতায় পৌঁছেছে সরকার ও বিদ্রোহীরা। এর ফলে সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধাদের ঘিরে রাখা এলাকাগুলো থেকে হাজার হাজার বেসামরিক লোকের নিরাপদ এলাকায় সরে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। গতকাল শনিবার থেকেই লোক সরানোর এই কার্যক্রম শুরু হওয়ার কথা।
এর আগে বৃহস্পতিবার রাতে পূর্ব আলেপ্পো থেকে বিদ্রোহী ও বেসামরিক লোকদের বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে শুক্রবার সকালেই পথ বন্ধ করে দেয় সরকারি বাহিনী। ততক্ষণে হাজার ছয়েক লোক বেরিয়ে যেতে সক্ষম হলেও এখনো সেখানে হাজার হাজার আহত ও ক্ষুধার্ত মানুষ প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা দ্রুত নিরাপদ এলাকায় সরে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
নতুন সমঝোতা অনুযায়ী, আলেপ্পো ছাড়াও দুটি বিদ্রোহীনিয়ন্ত্রিত ও দুটি সরকারনিয়ন্ত্রিত শহর থেকেও বেসামরিক লোক সরানোর বিষয়ে ঐকমত্য হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের খবর অনুযায়ী ফোয়া এবং কেফরায়া এলাকা থেকে গতকালই বেসামরিক লোক সরানো শুরু করার কথা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, আলেপ্পো থেকে বিদ্রোহীদের বের হতে দেওয়ার প্রধান শর্ত হচ্ছে, বিদ্রোহীনিয়ন্ত্রিত ইদলিব থেকে সরকার অনুগত লোকদের নিরাপদে বের হতে দেওয়ার সুযোগ দেওয়া।