আলেপ্পোতে হাসপাতালে ব্যারেলবোমা
সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহী-অধ্যুষিত এলাকার বড় একটি হাসপাতালে কমপক্ষে দুটি ব্যারেলবোমা হামলা চালানো হয়েছে।
এএফপির খবরে জানা যায়, গতকাল শনিবার এই হামলা হয়। সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটির (এসএএমএস) কর্মকর্তা আদম সাহলুল জানান, এম ১০ নামে ওই হাসপাতালে প্রথমে ঝাঁকে ঝাঁকে বোমা হামলা হয়। পরে সেখানে ব্যারেলবোমা হামলা চলে।
এসএএমএস সূত্রে জানা যায়, গত বুধবার আলেপ্পোর পূর্বাঞ্চলের ছয়টি হাসপাতালে বোমা হামলা হয়।
ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, গতকাল শাকুর এলাকার একটি হাসপাতালে বোমা হামলা হয়। এতে একজন নিহত হয়। ওই হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলায় নিহত ব্যক্তি হাসপাতালের কোনো কর্মী কি না, তা নিশ্চিত করে বলা যায়নি।
সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে আলেপ্পোর সাম্প্রতিক বোমা হামলা সবচেয়ে ভয়াবহ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যকর্মীদের কাজের জন্য সিরিয়াকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই হামলার নিন্দা জানিয়েছেন। এটিকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন।