সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় বেসামরিক লোকজনের ওপর ‘অভাবনীয় নৃশংসতা’ চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে। এতে বলা হয়, সরকারি বাহিনী ও বিদ্রোহী—উভয় পক্ষই সেখানে প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে। খবর বিবিসির।
আলেপ্পোয় বিদ্রোহীদের আক্রমণের জবাবে সিরিয়ার সরকারি বাহিনী গত কয়েক সপ্তাহে গোলাবর্ষণ বাড়িয়েছে। শহরের সাইফ আল-দাওলা এলাকায় শিশুদের একটি বিদ্যালয়ে গত রোববার মারাত্মক ব্যারেল বোমা হামলায় চার শিশু ও শিক্ষকসহ অন্তত ১০ জন নিহত হয়।
সিরিয়ায় সরকারি বাহিনীর বিরুদ্ধে ব্যারেল বোমা ব্যবহারের যে অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তা গত ফেব্রুয়ারিতে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে অস্বীকার করেছিলেন।
লন্ডনভিত্তিক সংগঠন অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সিরিয়ার সরকারি বিমানবাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিয়মিত ব্যারেল বোমা হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল অন্তত ১৪টি বাজার, ১২টি পরিবহন কেন্দ্র, ২৩টি মসজিদ, ১৭টি চিকিৎসাকেন্দ্র এবং তিনটি বিদ্যালয়। তেলের পিপা, জ্বালানির ট্যাংক অথবা গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরক, তেল এবং ধাতব বস্তু যুক্ত করে এসব ব্যারেল বোমা তৈরি করা হয়।
স্থানীয় একজন কারখানার শ্রমিক ২০১৪ সালে আল ফেরদৌস এলাকায় একটি বোমা হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি ওই বিস্ফোরণের পর দেখেছেন যে কয়েকটি শিশুর মাথা নেই, শরীরের বিভিন্ন অংশ এদিক-সেদিক ছড়িয়ে পড়েছে। তাঁর মনে হয়েছিল, ‘নরকের চিত্র’ যেন অনেকটা একই রকম হতে পারে।
অ্যামনেস্টির তদন্ত অনুযায়ী, আলেপ্পোয় আটটি হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। মানবাধিকারকর্মীদের সংগঠন ভায়োলেশনস ডকুমেন্টেশন সেন্টার বলছে, ব্যারেল বোমা হামলায় আলেপ্পো প্রদেশে অন্তত ৩ হাজার ১২৪ জন বেসামরিক মানুষ এবং ৩৫ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়। ২০১২ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ভাগ হয়ে পড়ে আলেপ্পো শহর।
অ্যামনেস্টি বলেছে, সাক্ষ্য-প্রমাণ অনুযায়ী, আলেপ্পোয় বিমানবাহিনীর অভিযানে উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষ ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ধরনের কাজকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়। বেসামরিক মানুষের ওপর এ রকম পরিকল্পিত আক্রমণ মানবতাবিরোধী অপরাধের শামিল।
আলেপ্পোয় সরকারবিরোধী সশস্ত্র সংগঠনগুলোও মর্টার ও গ্যাসের সিলিন্ডারযুক্ত হাতে তৈরি রকেটের মতো ত্রুটিপূর্ণ অস্ত্রশস্ত্র ব্যবহার করে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের হামলায় ২০১৪ সালে অন্তত ৬০০ জন বেসামরিক মানুষ নিহত হয়। অ্যামনেস্টির প্রতিবেদনে সরকারি নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী সংগঠনগুলোর বিরুদ্ধে ওই শহরে বেসামরিক লোকজনের ওপর ব্যাপক মাত্রায় নির্যাতন এবং তাদের বিনা বিচারে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। ব্যাপক নৃশংসতায় আলেপ্পোর বেসামরিক লোকজনের জীবন ক্রমে অসহনীয় হয়ে উঠছে। অনেকে ভূগর্ভস্থ কোনো স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। স্থানীয় এক ব্যক্তি আলেপ্পোকে নরকের সঙ্গে তুলনা করে বলেন, রাস্তাগুলো প্রায়ই রক্তে ভাসে। যেসব মানুষ মরছে, তারা যোদ্ধা নয়।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক ফিলিপ লুথার বলেন, এক বছরের বেশি আগে জাতিসংঘ একটি প্রস্তাব পাস করে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটানোর আহ্বান জানায়। বিশেষ করে ব্যারেল বোমা হামলার ব্যবহার বন্ধ করার ওপর জোর দেওয়া হয়। আজ আন্তর্জাতিক সম্প্রদায় আলেপ্পোর বেসামরিক মানুষের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং একটি মানবিক বিপর্যয়ের প্রতি উদাসীনতা দেখাচ্ছে। তাদের অব্যাহত নিষ্ক্রিয়তায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীরা শহরটিতে বেসামরিক লোকজনের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়ে যাওয়ার প্রশ্রয় পাচ্ছে।