আলেপ্পোর চার হাসপাতালে বিমান হামলা
সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলার শিকার হয়েছে চারটি অস্থায়ী হাসপাতাল ও স্থানীয় ব্লাড ব্যাংক। দ্য ইনডিপেনডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) নামের চিকিৎসকদের একটি সংগঠন আজ রোববার এ তথ্য জানায়।
সিরিয়ার চিকিৎসকদের সংগঠন আইডিএ জানায়, বিমান থেকে গোলাবর্ষণে শিশু হাসপাতালে চিকিৎসাধীন দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। রাত একটার দিকে হাসপাতালে আঘাত হানার পর শিশুদের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। নয় ঘণ্টার ব্যবধানে এটা ছিল দ্বিতীয় হামলা।
আইডিএর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামলার সময় চিকিৎসকেরা শিশুদের রক্ষা করার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন।
আইডিএ জানায়, হামলার শিকার এই চারটি হাসপাতালের মধ্যে আল-বায়ান, আল-জাহরা ও আল-দাক্কাক নামের তিনটি শিশু হাসপাতালের সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
আলেপ্পোতে সরকারবিরোধীদের দমনে সিরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলার ঘটনার শিকার হচ্ছে হাসপাতালগুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, স্বাস্থ্যকর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকির জায়গা সিরিয়া। গত বছর দেশটিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকর্মীদের ওপর ১৩৫টি হামলার ঘটনা ঘটেছে।
সম্প্রতি কয়েক মাসে আলেপ্পো শহরের পূর্ব দিকে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় বেশ কয়েকটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এসব হামলায় বেশ কিছু স্বাস্থ্যকর্মীও নিহত হন।