আলেপ্পোর পুরো নিয়ন্ত্রণ সিরীয় সেনাবাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন গতকাল শুক্রবার সেখানে তাদের অবস্থান জোরদার করেছে। সাধারণ নাগরিকদের অনেকে যুদ্ধবিধ্বস্ত শহরটির রাস্তায় নেমে উল্লাস করে। ঘরে ফিরে আসতে উদগ্রীব অনেককে ধীরে ধীরে শহরে ফিরতে দেখা যায়।
সিরীয় সেনাবাহিনী গত বৃহস্পতিবার ঘোষণা করে, তারা আলেপ্পো শহর পুরো নিয়ন্ত্রণে নিয়েছে। শহর ছেড়ে যেতে সরকারের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে শেষ বিদ্রোহী যোদ্ধারা তাদের পূর্ব আলেপ্পোর ঘাঁটি ছেড়ে চলে গেছে।
সিরিয়ার মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আলেপ্পো নিয়ন্ত্রণে আনা সরকারের একটি বড় অর্জন এবং এটি সিরিয়ায় স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।’
সিরিয়ার গত প্রায় ছয় বছরের গৃহযুদ্ধে আলেপ্পো নিয়ন্ত্রণে নেওয়াকেই সরকারি বাহিনীর সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, শহরটিতে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সরকারি বাহিনী শহরটির দখল নেওয়ার পর সেখানকার বাসিন্দাদের রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়।