আলেপ্পোয় বিমান থেকে ক্রমাগত বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহের বিরতির পর সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহীনিয়ন্ত্রিত অংশে সরকারি ও রুশ বিমানবাহিনী প্রচণ্ড বোমাবর্ষণ করছে। মঙ্গল ও বুধবার সরকারি বাহিনীর বিমান হামলা থেকে সেখানকার হাসপাতাল, ব্লাড ব্যাংক ও অ্যাম্বুলেন্সও রেহাই পায়নি। এসব হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী পক্ষ দুই দিনের হামলায় আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশে শিশুসহ অন্তত ৩২ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, বুধবার আলেপ্পোর পূর্বাংশের শার, সুক্কারি, সাখুর এবং কারাম আল বেইক এলাকায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র ও হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়েছে। পাশাপাশি সেখানে কামানের গোলাও নিক্ষেপ করা হয়েছে। অবজারভেটরি বলেছে, বুধবার মোট ২১ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচটি শিশু এবং জরুরি সেবাদানে নিয়োজিত একজন কর্মী রয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন নামে চিকিৎসকদের এক সংগঠন জানিয়েছে, বয়ান চিলড্রেনস হসপিটাল নামের একটি শিশু হাসপাতালে ব্যাপক হামলা হয়েছে। হাসপাতালটির পরিচালক ডা. হাতেম তাদের বলেছেন, বোমার আঘাত থেকে বাঁচতে তিনি ও তাঁর সহকর্মীরা বেসমেন্টে আশ্রয় নেওয়ার পর সেখানে আটকা পড়ে যান। বিমানগুলো ক্রমাগত চক্কর দিতে থাকায় তাঁরা বের হতে পারছিলেন না।
‘হোয়াইট হেলমেটস’ নামে সুপরিচিত স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংগঠন সিরিয়া সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে, কারাম আল বেইক এলাকায় একজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। হোয়াইট হেলমেটসের মুখপাত্র রয়টার্সকে বলেছেন, সামরিক হেলিকপ্টারের আনাগোনা এক মুহূর্তের জন্যও থামছে না।
আলেপ্পোর পূর্ব অংশ বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। পশ্চিম অংশ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এই অংশের আশপাশেও বিদ্রোহীদের অবস্থান আছে। সিরিয়ান অবজারভেটরি বলেছে, পূর্ব আলেপ্পোর পাশাপাশি পশ্চিম আলেপ্পোর অদূরে বিদ্রোহীনিয়ন্ত্রিত গ্রামীণ এলাকাগুলোতেও বিমান হামলা চালানো হয়েছে। রাশিয়া বলেছে, আইএস জঙ্গিদের উৎখাত করতে তারা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সবখানে অভিযান চালিয়ে যাবে।