আলেপ্পোয় ব্যাপক বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধকবলিত সিরিয়ার আলেপ্পো শহরের অবরুদ্ধ পুরোনো অংশে সেনাবাহিনী গোলাবর্ষণ করছে। এর মধ্যেই শনিবার শহরটির বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া। বিদ্রোহী ও পর্যবেক্ষক সংস্থাগুলো এ তথ্য জানায়।

বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার অন্যতম রসদ সরবরাহ রুট কাসটেল্লো সড়ক ও মালাহ জেলায় বিমান হামলা করা হয়। এদিকে, আলেপ্পোর পুরোনো শহরের উত্তর দিকের সম্মুখভাগ সুলাইমান আল হালাবি এলাকায়ও লড়াই চলে।

বৃহস্পতিবার আলেপ্পোর উত্তরের কৌশলগত গুরুত্বপূর্ণ হানদারাত ক্যাম্প দখলের পর এটির সুযোগ কাজে লাগানোর কথা জানিয়েছিল সেনাবাহিনী। গতকাল এক সেনাসূত্রকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সেনাবাহিনী অগ্রসর হয়েছে। তবে, তা অস্বীকার করে বিদ্রোহীরা জানায়, নতুন একটি অভিযান তারা প্রতিহত করে দিয়েছে।

সিরিয়া যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর তুমুল বোমাবর্ষণ ছাড়াও সুলাইমান আল হালাবি এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, বিদ্রোহী-নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় বোমায় কারণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আর পর্যবেক্ষক সংস্থাটি জানায়, রুশ ও সিরীয় বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কেবল শুক্র ও শনিবার সকালেই নিহত হয়েছে কমপক্ষে ২০ জন। এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, সরকার-নিয়ন্ত্রিত মাইদান ও অন্যান্য এলাকায় বিদ্রোহীদের হামলায় ২০ জনের প্রাণহানি ঘটেছে।
যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর আলেপ্পোর পূর্বাঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকা দখলের জন্য ১০ দিন আগে সিরিয়ার বাহিনী ও এর মিত্র রাশিয়া ব্যাপক অভিযান শুরু করে। এরপর সেখানে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনা আন্তর্জাতিকভাবে ক্ষোভের জন্ম দিয়েছে।