আলোচনা 'ঠিক পথে আনার' দাবি আসাদবিরোধীদের
সিরিয়ার সংকট নিরসনে চলা শান্তি আলোচনা থেকে বের হয়ে আসার ঘোষণা দেওয়ার পর দেশটির বিদ্রোহী জোট বলেছে, আলোচনার পথ আগে ঠিক করতে হবে। এরপরই কেবল তারা শান্তি আলোচনায় যোগ দেবে।
শান্তি আলোচনায় সরকারের বিরুদ্ধে অসহযোগিতা এবং যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করার অভিযোগ তুলে সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী পাল্টা হামলার ঘোষণা দেয় গত সোমবার। এর ফলে জেনেভা শান্তি আলোচনা হওয়ার ভবিষ্যৎ আবার অনিশ্চিত হয়ে পড়েছে।
শান্তি আলোচনা থেকে বের হয়ে আসার ঘোষণা দেন বিরোধীরা। গতকাল মঙ্গলবার লেবাননের বৈরুতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরোধী নেতা জর্জ সাবরা বলেন, ‘শান্তি আলোচনা আবার শুরু করার কোনো তারিখ নেই। আগে এই আলোচনাকে সঠিক পথে আনতে হবে। এরপরই আলোচনা শুরু হবে।’
বিরোধীরা চান, সিরিয়ার শান্তির জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠিত হোক, কিন্তু এতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না।